২৭ মে ঈদুল আজহা: আনুষ্ঠানিক ঘোষণা দিল ইন্দোনেশিয়া
বিশ্বের বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়া পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে। রোববার (১৭ মে) দেশটির ধর্ম মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, আগামী ২৭ মে (বুধবার) দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় আয়োজিত চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে দেশটির ধর্মমন্ত্রী নাসারুদ্দিন উমর এই ঘোষণা দেন। তিনি জানান, সরকারি হিসাব ও পর্যবেক্ষণের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে যে, আগামী ১৮ মে (সোমবার) থেকে ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাস শুরু হবে। সেই হিসেবে আগামী ২৭ মে ঈদুল আজহা পালিত হবে।
দেশটির ধর্মমন্ত্রী জানান, ইন্দোনেশিয়ার ৮৮টি ভিন্ন ভিন্ন স্থানে চাঁদ দেখা হয়েছে। প্রাপ্ত তথ্যে দেখা গেছে, নতুন চাঁদের অবস্থান ব্রুনাই, ইন্দোনেশিয়া, মালয়শিয়া এবং সিঙ্গাপুরের ধর্মমন্ত্রীদের নির্ধারিত মানদণ্ড (চাঁদের উচ্চতা কমপক্ষে ৩ ডিগ্রি এবং কৌণিক দূরত্ব ৬ দশমিক ৪ ডিগ্রি) পূরণ করেছে। আলেম-ওলামা, জ্যোতির্বিজ্ঞানী এবং বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে গঠিত এই কমিটির বৈঠকে বৈজ্ঞানিক গাণিতিক পদ্ধতির সঙ্গে বাস্তব পর্যবেক্ষণের সমন্বয় ঘটানো হয়েছে।
এর আগে, ইন্দোনেশিয়ার অন্যতম বৃহৎ ধর্মীয় সংগঠন 'মুহাম্মাদিয়াহ' 'গ্লোবাল ক্যালেন্ডার প্যারামিটার' (পিকেজি) অনুসরণ করে আগেভাগেই একই তারিখ ঘোষণা করেছিল। সংগঠনটি জানায়, বিশ্বজুড়ে মুসলিমদের জন্য হিজরি মাস শুরুর সময় একীভূত করার লক্ষ্যে এই বৈশ্বিক নীতি অনুসরণ করা হচ্ছে, যা কোনো নির্দিষ্ট জাতীয় সীমানার ওপর নির্ভর করে না।
উল্লেখ্য, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে চাঁদ দেখার ওপর ভিত্তি করে সাধারণত ঈদুল আজহার তারিখ নির্ধারিত হয়। ইন্দোনেশিয়ার এই আগাম ঘোষণার পর এখন বিশ্বের অন্যান্য প্রান্তের মুসলমানদের নজর এখন সৌদি আরবের চাঁদ দেখা কমিটির দিকে।
