ঢাকা রবিবার, ২১শে জুন ২০২৬, ৭ই আষাঢ় ১৪৩৩


গ্রাম পুলিশের বেতন বৃদ্ধি ও সুরক্ষার দাবি, প্রশিক্ষণ শেষে সনদ পেলেন শতাধিক সদস্য


প্রকাশিত:
২০ জুন ২০২৬ ২০:৩৯

গ্রাম পুলিশের বেতন বৃদ্ধি ও সুরক্ষার দাবি, প্রশিক্ষণ শেষে সনদ পেলেন শতাধিক সদস্য

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সারাদেশে গ্রামীণ জনপদের আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত প্রায় ৪৭ হাজার গ্রাম পুলিশ সদস্যের আইনি নিরাপত্তা নিশ্চিত করা এবং জীবনযাত্রার মানোন্নয়নে তাঁদের বেতন বাড়ানোর দাবি জানানো হয়েছে। দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন করতে
শতাধিক গ্রাম পুলিশ সদস্যকে প্রশিক্ষণ প্রদান ও সনদ বিতরণ করা হয়েছে। আজ শনিবার বিকেল তিনটায় জাতীয় প্রেসক্লাবে ‘বাংলাদেশ রাইটস ফর পিপল’ আয়োজিত এক অনুষ্ঠানে এই সনদ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। ‘বাংলাদেশ রাইটস ফর পিপল’-এর চেয়ারম্যান নূরুল হকের সভাপতিত্বে এ
অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে আসা গ্রাম পুলিশের প্রতিনিধিরা তাঁদের দীর্ঘদিনের বঞ্চনা ও নানা দুঃখ-দুর্দশার চিত্র তুলে ধরেন।

প্রতিনিধিরা জানান, বর্তমানে একজন সাধারণ গ্রাম পুলিশ (মহল্লাদার) মাসে মাত্র সাড়ে
সাত হাজার টাকা ভাতা বা বেতন পান। বর্তমান বাজার পরিস্থিতিতে এই সামান্য টাকা দিয়ে পরিবার নিয়ে জীবনধারণ করা কোনোভাবেই সম্ভব হচ্ছে না।

আইনশৃঙ্খলা রক্ষায় তাঁদের ভূমিকার কথা উল্লেখ করে প্রতিনিধিরা আরও বলেন, গ্রামীণ এলাকায় পুলিশ ও অন্যান্য বাহিনীকে তথ্য দিয়ে বা অন্যভাবে সহায়তা করতে গিয়ে তাঁদের স্থানীয় দুষ্কৃতকারীদের রোষানলে পড়তে হয়। প্রায়শই তাঁরা শারীরিক নির্যাতন ও নিপীড়নের শিকার হন। মাঠপর্যায়ে জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করলেও তাঁদের সুরক্ষায় কোনো কার্যকর আইনি ব্যবস্থা বা প্রাতিষ্ঠানিক সহায়তা নেই। এ অবস্থায় গ্রাম পুলিশের বেতন বৃদ্ধি ও তাঁদের পর্যাপ্ত
আইনি সুরক্ষার জন্য সরকারের কাছে জোর দাবি জানান তাঁরা।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই গ্রাম পুলিশের সদস্যরা তাঁদের চাকরি জাতীয় বেতন স্কেলের অন্তর্ভুক্ত করার দাবি জানিয়ে আসছেন। পূর্বে এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট গ্রাম পুলিশের মহল্লাদারদের ২০তম এবং দফাদারদের ১৯তম গ্রেডে বেতন প্রদানের নির্দেশ দিলেও বিষয়টি নিয়ে এখনো আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
বর্তমানে এই যৎসামান্য বেতনেই তাঁদের জীবিকা নির্বাহ করতে হচ্ছে।

সাংবাদিক প্রদীপ জয়ের সঞ্চালনায় এবং ইংল্যান্ড প্রবাসী তৌহিদুল ইসলামের তত্ত্বাবধানে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট শ্রমিক নেতা ও সুপ্রিম কোর্টের আইনজীবী বাবু মন্টু ঘোষ এবং ব্যারিস্টার মেহেদী হাসানসহ অনেকে।