ঢাকা সোমবার, ১৮ই মে ২০২৬, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩৩


‘ঝড়ের আগের স্তব্ধতা’: রহস্যময় এআই ছবি শেয়ার করে ইরানকে ট্রাম্পের চরম হুঁশিয়ারি


প্রকাশিত:
১৭ মে ২০২৬ ১৫:৫৯

ইরানের বিরুদ্ধে নতুন করে মার্কিন হামলার জল্পনার মধ্যেই এক রহস্যময় ছবি শেয়ার করে বিশ্বরাজনীতিতে নতুন উত্তেজনার জন্ম দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ওই ছবিতে ‘ঝড়ের আগে শান্ত স্তব্ধতা’ বার্তা জুড়ে দিয়ে তেহরানকে কার্যত এক চরম হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সেই সঙ্গে দ্রুত শান্তি চুক্তি না হলে ইরানকে ‘খুব খারাপ সময়ের’ মুখোমুখি হতে হবে বলেও সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনের বরাতে জানা যায়, ডোনাল্ড ট্রাম্পের শেয়ার করা এআই-নির্মিত ওই ছবিতে দেখা যায়—উত্তাল সমুদ্রের সামনে দাঁড়িয়ে আছেন ট্রাম্প নিজে এবং মার্কিন নৌবাহিনীর এক অ্যাডমিরাল। তাদের পেছনে থাকা কয়েকটি জাহাজের একটিতে উড়ছে ইরানের ইসলামী প্রজাতন্ত্রের পতাকা। আর ছবিটিতে লেখা রয়েছে, ‘ঝড়ের আগে শান্ত স্তব্ধতা’। মূলত এই বার্তা ও ছবির আবহ ঘিরেই নতুন করে মার্কিন হামলার শঙ্কা তীব্র হয়েছে।

ছবি শেয়ার করার পাশাপাশি ইরানকে সরাসরি হুঁশিয়ারিও দিয়েছেন ট্রাম্প। ফরাসি সংবাদমাধ্যম বিএফএমটিভিকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দ্রুত কোনো শান্তি চুক্তি না হলে ইরান কঠিন পরিস্থিতির মুখে পড়বে। ট্রাম্প বলেন, "একটি চুক্তিতে পৌঁছানোই তাদের (ইরান) নিজেদের স্বার্থের জন্য ভালো। তা না হলে দেশটিকে খুব খারাপ সময়ের মুখোমুখি হতে হবে।"

ট্রাম্পের এই মনস্তাত্ত্বিক চাপের পাশাপাশি মার্কিন সামরিক বাহিনীতেও নতুন তৎপরতার খবর পাওয়া গেছে। মার্কিন সংবাদমাধ্যম এনবিসি দুই মার্কিন কর্মকর্তার বরাতে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী তাদের যুদ্ধ অভিযানের আনুষ্ঠানিক নাম পরিবর্তনের বিষয়টি বিবেচনা করছে। ধারণা করা হচ্ছে, নতুন এই সামরিক অভিযানের নাম হতে পারে ‘অপারেশন স্লেজহ্যামার’।

উল্লেখ্য, গত এপ্রিলের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর হয় এবং দুই দেশ কূটনৈতিক আলোচনা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে সময় যুক্তরাষ্ট্র তাদের পূর্ববর্তী সামরিক অভিযান ‘অপারেশন এপিক ফিউরি’-এর সমাপ্তি ঘোষণা করেছিল। কিন্তু যুদ্ধবিরতির রেশ কাটতে না কাটতেই ট্রাম্পের সাম্প্রতিক এই রহস্যময় ছবি, কড়া হুঁশিয়ারি ও সম্ভাব্য নতুন সামরিক অভিযানের খবরে ওয়াশিংটন-তেহরান সম্পর্ক আবারও চরম উত্তেজনার দিকে মোড় নিচ্ছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।