স্বর্ণ উত্তোলনের জন্য ২০ মিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর করল আফগানিস্তান
দীর্ঘদিনের অস্থিরতা ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যেও প্রাকৃতিক সম্পদ কাজে লাগিয়ে অর্থনীতিকে চাঙ্গা করার পথে এগোচ্ছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান। এরই অংশ হিসেবে দেশটির কুন্দুজ প্রদেশে স্বর্ণ উত্তোলনের জন্য ২০ মিলিয়ন ডলারের একটি বড় বিনিয়োগ চুক্তি স্বাক্ষর করেছে আফগান সরকার। পাঁচ বছর মেয়াদি এ প্রকল্পকে দেশের খনিজ খাতের উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
রোববার (১০ মে) আফগানিস্তানের খনিজ ও পেট্রোলিয়ামমন্ত্রী হেদায়তুল্লাহ বাদরি আজারবাইজান ও কিরগিজস্তানের রাষ্ট্রদূতদের উপস্থিতিতে চুক্তিতে স্বাক্ষর করেন।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রকল্পটির আওতায় প্রায় ৫ দশমিক ৯৭ বর্গকিলোমিটার এলাকাজুড়ে খনন কাজ পরিচালিত হবে। এতে মোট ২ কোটি ২৪ লাখ ডলার বিনিয়োগের পরিকল্পনা রয়েছে।
চুক্তি অনুযায়ী, প্রকল্প পরিচালনাকারী কোম্পানি আফগান সরকারকে ৩০ শতাংশ রয়্যালটি দেবে। পাশাপাশি স্থানীয় সামাজিক উন্নয়ন ও জনসেবামূলক কাজে ২ লাখ ডলার ব্যয় করবে।
খনিজ মন্ত্রণালয় বলেছে, আফগানিস্তানের খনিজ খাতে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়ানোর প্রচেষ্টার অংশ হিসেবে এই চুক্তি করা হয়েছে। সরকারের মতে, খনিজ খাত দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি ও আঞ্চলিক সহযোগিতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সূত্র : আরিয়ানা নিউজ
