ভঙ্গুর যুদ্ধবিরতির মাঝেই মধ্যপ্রাচ্যে ড্রোন হামলা: কাতারে পণ্যবাহী জাহাজে আগুন
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যেই নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। রোববার কাতারের জলসীমায় একটি বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলার ফলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। একই দিনে সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতের আকাশসীমায় ড্রোন অনুপ্রবেশ এবং সেগুলোকে প্রতিহত করার খবর পাওয়া গেছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি আজ রোববার পৃথক এসব হামলার তথ্য নিশ্চিত করেছে।
সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইরান থেকে ছোড়া অন্তত দুটি ড্রোন তাদের আকাশসীমায় প্রবেশ করলে সেগুলোকে সফলভাবে শনাক্ত ও ধ্বংস করা হয়েছে। আমিরাত সামরিক বাহিনীর তথ্যমতে, সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত তারা মোট ২ হাজার ২৬৫টি ড্রোন, ৫৫১টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ২৯টি ক্রুজ ক্ষেপণাস্ত্র মোকাবিলা করেছে। আজ রোববারের এই হামলাকে ইরানের পক্ষ থেকে আসা 'প্রকাশ্য হামলা' হিসেবে বর্ণনা করেছে দেশটি।
অন্যদিকে, কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রোববার সকালে আবুধাবি থেকে আসা একটি পণ্যবাহী বাণিজ্যিক জাহাজ মেসাইদ বন্দরের উত্তর-পূর্ব দিকে কাতারের জলসীমায় ড্রোন হামলার শিকার হয়। হামলার ফলে জাহাজটিতে সীমিত পর্যায়ে আগুন ধরে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ব্রিটেনের একটি সামুদ্রিক নিরাপত্তা সংস্থা জানিয়েছে, অজ্ঞাত ক্ষেপণাস্ত্র সদৃশ বস্তুর আঘাতে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে। কাতার সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
একই সময়ে কুয়েতের আকাশসীমায়ও শত্রু ড্রোনের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। কুয়েতের সামরিক বাহিনীর জেনারেল স্টাফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জানান, আজ ভোরে বেশ কিছু 'শত্রু ড্রোন' কুয়েতের আকাশসীমায় প্রবেশ করলে নির্ধারিত নিয়ম অনুযায়ী সেগুলোকে মোকাবিলা করা হয়েছে। তবে ড্রোনগুলো ঠিক কোন দেশ থেকে এসেছে, সে বিষয়ে কুয়েতের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো দেশের নাম উল্লেখ করা হয়নি।
মধ্যপ্রাচ্যের তিন দেশে একই দিনে এই ড্রোন হামলার ঘটনা অঞ্চলটিতে বিরাজমান যুদ্ধবিরতিকে হুমকির মুখে ঠেলে দিয়েছে। ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যকার এই ছায়াযুদ্ধ নতুন করে বড় কোনো সংঘাতের রূপ নেয় কি না, তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট দেশগুলো তাদের আকাশ ও জলসীমায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে।
