নবীনদের স্বাগত জানিয়ে সোহরাওয়ার্দী কলেজে ওরিয়েন্টেশন
পিরোজপুরের সরকারি সোহরাওয়ার্দী কলেজে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ জুন) সকাল ১০টায় কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর সমরঞ্জিত হাওলাদার সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ রফিকুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর শেখ রফিকুল ইসলাম নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “তোমরা মনোযোগসহকারে লেখাপড়া করবে এবং নিজেদের মেধা, যোগ্যতা ও সুশৃঙ্খল আচরণের মাধ্যমে সরকারি সোহরাওয়ার্দী কলেজের সুনাম আরও বৃদ্ধি করবে।”
পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে পিরোজপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত, যা ১৯৫৭ সালে প্রতিষ্ঠিত হয়। শিক্ষা, শৃঙ্খলা ও নৈতিকতা-এই তিনটি বিষয়কে মূলমন্ত্র হিসেবে গ্রহণ করে কলেজের শিক্ষার্থীদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলা হয় বলে আলোচনায় উল্লেখ করা হয়। নবাগত শিক্ষার্থীর আনুষ্ঠানিক বরণ উৎসবের মাহেন্দ্রক্ষণে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ শাহাবুদ্দিন সিকদার, সম্পাদক, শিক্ষক পরিষদ, মোঃ শহীদুল ইসলাম, সহকারী অধ্যাপক, ব্যবস্থাপনা এছারাও কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত থেকে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানান এবং তাদের শিক্ষাজীবনের বিভিন্ন বিষয় নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এ সময় কলেজের সকল নবীন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত নবীন বরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের কলেজ জীবনের নতুন অধ্যায়ের আনুষ্ঠানিক সূচনা হয়।
