ঢাকা সোমবার, ১লা জুন ২০২৬, ১৮ই জ্যৈষ্ঠ ১৪৩৩


সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব: বাংলাদেশের ‘দ্য ব্লাইন্ড গার্ল অ্যান্ড অ্যান এলিফ্যান্ট’


প্রকাশিত:
৩১ মে ২০২৬ ১৬:১৭

বাংলাদেশের তরুণ চলচ্চিত্র নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য ব্লাইন্ড গার্ল অ্যান্ড অ্যান এলিফ্যান্ট (সাঁকোটা দুলছে)’ বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ও FIAPF স্বীকৃত এ-শ্রেণির চলচ্চিত্র উৎসব সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (SIFF) ২০২৬-এর এশিয়ান নিউ ট্যালেন্ট প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে।

আগামী ১২ থেকে ২১ জুন চীনের সাংহাইয়ে অনুষ্ঠিতব্য উৎসবের ২৮তম আসরে চলচ্চিত্রটির বিশ্বপ্রিমিয়ার অনুষ্ঠিত হবে।

চলচ্চিত্রটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন ইশতিয়াক আহমেদ জিহাদ এবং প্রযোজনা করেছেন মনোজ প্রামাণিক। এটি বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান MANpaCHITRA ও জার্মানির Mogador Film-এর যৌথ প্রযোজনায় নির্মিত একটি বাংলাদেশ-জার্মানি কো-প্রোডাকশন। উল্লেখযোগ্যভাবে, এটি পরিচালক, প্রযোজক এবং প্রযোজনা প্রতিষ্ঠানটির প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।

সম্পূর্ণ সাদা-কালোতে নির্মিত ৮০ মিনিট দৈর্ঘ্যের চলচ্চিত্রটি গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবনসংগ্রাম, কুসংস্কার, পিতৃতান্ত্রিক সমাজব্যবস্থা ও সামাজিক নিপীড়নের বাস্তবতাকে কেন্দ্র করে নির্মিত। নানা প্রতিকূলতার মধ্য দিয়ে একজন অন্ধ তরুণীর স্বপ্নপূরণের যাত্রা এবং এক রহস্যময় হাতির মুখোমুখি হওয়ার ঘটনাকে ঘিরে এগিয়ে যায় এর কাহিনি।

চলচ্চিত্রটির আন্তর্জাতিক নির্মাণযাত্রায় জার্মান প্রযোজক ক্রিস্টোফ থোকে অ্যাসোসিয়েট প্রযোজক হিসেবে যুক্ত ছিলেন। এছাড়া আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র সমালোচক ও প্রোগ্রামার ডার্সি প্যাকুয়েট কনসাল্টিং প্রযোজক এবং নির্মাতা ফজলে হাসান শিশির সহ-প্রযোজক হিসেবে কাজ করেছেন।

নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় পরিচালক ইশতিয়াক আহমেদ জিহাদ বলেন, “গ্রামীণ বাংলাদেশে বেড়ে ওঠার অভিজ্ঞতা থেকেই এই চলচ্চিত্রের জন্ম। সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হওয়া আমাদের পুরো টিমের জন্য অত্যন্ত সম্মানের এবং চলচ্চিত্রে প্রতিফলিত মানুষের জীবন ও অভিজ্ঞতার আন্তর্জাতিক স্বীকৃতি।”

প্রযোজক মনোজ প্রামাণিক বলেন, “খুব সীমিত অর্থ ও অল্প অভিজ্ঞতা নিয়ে শুরু হওয়া এই যাত্রার এমন অর্জন আমাদের দীর্ঘদিনের পরিশ্রম, ত্যাগ ও স্বাধীন চলচ্চিত্রচর্চার প্রতি অঙ্গীকারের স্বীকৃতি।”

সীমিত অর্থায়ন ও সম্পদের মধ্যেও একদল তরুণ চলচ্চিত্রকর্মীর সম্মিলিত প্রচেষ্টায় নির্মিত চলচ্চিত্রটি আন্তর্জাতিক অঙ্গনে স্বাধীন বাংলাদেশি চলচ্চিত্রের সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচন করবে বলে সংশ্লিষ্টদের আশা। সাংহাই উৎসবে বিশ্বপ্রিমিয়ারের পর চলচ্চিত্রটি বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে। পরবর্তীতে দেশের দর্শকদের জন্যও এটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।

চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন সানজিদা আক্তার স্বর্ণা, তাহমিদা রহমান তৌহিদা, সুমাইয়া হক, অশোক ব্যাপারী, সাবিহা জামান, পঙ্কজ মজুমদার, মুনসিফ মিম, নিশাত তাসনিম, মামুন রেজা, রবিউস সানি, ফয়সাল, পিয়াল সরকার ও রিজওয়ান তক্তিম।

চিত্রগ্রহণ করেছেন সামিউল করিম সুপ্তক, সম্পাদনা করেছেন হাসিব আহমেদ, সাউন্ড ডিজাইন ও মিক্সিং করেছেন শৈব তালুকদার এবং সংগীত পরিচালনা করেছেন সয়ন্তন মাংসাং।