শহিদ জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ছাত্রদল নেতা রুমির খাবার বিতরণ
বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২নং যুগ্ম আহ্বায়ক মোঃ মোস্তাফিজুর রহমান রুমি'র নেতৃত্বে অসহায়,দুস্থ ও দিনমজুর মানুষের মাঝে খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়। আজ দুপুরে পুরান ঢাকার বিভিন্ন জায়গায় এসব খাবার বিতরণ করা হয়।
রুমি বলেন, আজ আমরা গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে স্মরণ করছি, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক,বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমকে। তাঁর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আজ আমরা গরিব, অসহায়, দুস্থ ও দিনমজুর মানুষের মাঝে খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ কর্মসূচি পালন করছি।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বাস করতেন, রাজনীতির মূল উদ্দেশ্য হলো মানুষের কল্যাণ নিশ্চিত করা। তিনি সবসময় সাধারণ মানুষের সুখ-দুঃখের কথা চিন্তা করতেন এবং একটি স্বনির্ভর, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গঠনের স্বপ্ন দেখতেন। আজকের এই ক্ষুদ্র আয়োজন সেই মানবিক আদর্শেরই প্রতিফলন।
তিনি বলেন, আমরা বিশ্বাস করি, মানুষের পাশে দাঁড়ানোই একজন রাজনৈতিক কর্মীর সবচেয়ে বড় দায়িত্ব। তাই শহীদ জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা সমাজের সুবিধাবঞ্চিত, শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষের মাঝে সামান্য উপহার পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। এই কর্মসূচি শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, বরং মানবতার প্রতি আমাদের দায়বদ্ধতার প্রকাশ।
রুমি আরও বলেন, আজকের এই দিনে আমরা শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করছি এবং তাঁর আদর্শকে ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি। আল্লাহ তাআলা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং আমাদের সবাইকে মানুষের কল্যাণে কাজ করার তৌফিক দান করুন।
