ঢাকা শনিবার, ৬ই জুন ২০২৬, ২৪শে জ্যৈষ্ঠ ১৪৩৩


রূপগঞ্জে নাসীরুদ্দীন পাটওয়ারীর অনুষ্ঠানে হামলা: মঞ্চ-প্যান্ডেল ভাঙচুর, আহত ২০


প্রকাশিত:
৬ জুন ২০২৬ ১৯:১০

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি অনুষ্ঠানে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী অনুষ্ঠানস্থলে পৌঁছানোর আগেই একদল দুর্বৃত্ত মঞ্চ, প্যান্ডেল ও আসবাবপত্র ভাঙচুর করে। এই হামলায় এনসিপির অন্তত ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে সংগঠনটি।

শনিবার (৬ জুন) বিকেলে উপজেলার দাউদপুর ইউনিয়নের কুলিয়াদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ঘটনা ঘটে। এনসিপির উপজেলা কমিটি আয়োজিত ঈদ পুনর্মিলনী ও ফল উৎসবে প্রধান অতিথি হিসেবে নাসীরুদ্দীন পাটওয়ারীর উপস্থিত থাকার কথা ছিল।

এনসিপির নারায়ণগঞ্জ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক নীরব রায়হান অভিযোগ করেন, অনুষ্ঠান শুরুর ঠিক আগমুহূর্তে জেলা ছাত্রদলের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি ও উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সুলতান মাহমুদের নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। হামলাকারীরা অর্ধশতাধিক মোটরসাইকেলে করে এসে প্যান্ডেল ছিঁড়ে ফেলে এবং চেয়ার-টেবিল ভাঙচুর করে।

তিনি আরও অভিযোগ করেন, "ঘটনাস্থলের পাশেই পুলিশের অবস্থান ছিল, কিন্তু তাদের উপস্থিতিতেই হামলাকারীরা তাণ্ডব চালিয়ে নির্বিঘ্নে চলে যায়। এর আগে শুক্রবার রাতেও একই চক্র অনুষ্ঠানস্থলে এসে হুমকি ও ভাঙচুর চালিয়েছিল। পুলিশকে জানানো হলে তারা নিরাপত্তার আশ্বাস দিলেও বাস্তবে তা দেখা যায়নি।"

জাতীয় ছাত্রশক্তির জেলা কমিটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সারোয়ার হোসেন জানান, কেন্দ্রীয় নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর আগমনকে কেন্দ্র করেই এই পরিকল্পিত হামলা চালানো হয়েছে। হামলাকারীরা তার বিরুদ্ধে বিভিন্ন উসকানিমূলক স্লোগান দিচ্ছিল।

হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে ছাত্রদল নেতা সুলতান মাহমুদ বলেন, "আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। শুক্রবার থেকেই আমাকে অভিযুক্ত করা হচ্ছে বলে আমি এলাকায় ছিলাম না। যতটুকু জানি, নাসীরুদ্দীন পাটওয়ারীর আগমনের খবরে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা ঘাপটি মেরে থেকে এই হামলা ঘটিয়েছে।"

ঘটনাস্থল পরিদর্শন শেষে জেলা পুলিশের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, "নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন থাকা সত্ত্বেও এমন ঘটনা ঘটা দুঃখজনক। আমরা পুরো বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছি। যারা এই হামলা ও ভাঙচুরের সাথে জড়িত, তাদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।"

তিনি আরও জানান, পুলিশি পাহাড়ায় অনুষ্ঠানটি সম্পন্ন করার ব্যবস্থা নেওয়া হয়েছে এবং প্রধান অতিথিসহ এনসিপি নেতাদের সর্বোচ্চ নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া হয়েছে।

এদিকে, নারায়ণগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক জোবায়ের সরদার জানিয়েছেন, হামলাকারীদের চিহ্নিত করা হয়েছে এবং এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।