বিএনপি আবারও আওয়ামী লীগের ফাঁদে পা দিয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী
চাঁদপুরে ঈদ পুনর্মিলনী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের এনসিপিতে যোগদান অনুষ্ঠানে কথা বলছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী
বিএনপি আওয়ামী লীগের ফাঁদে পড়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হারিয়েছে, বেগম খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, ‘সেই বিএনপি আবারও আওয়ামী লীগের ফাঁদে পা দিয়েছে।’
শুক্রবার (৫ জুন) চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ঈদ পুনর্মিলনী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের এনসিপিতে যোগদান অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘যারা আজ আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে, তারাই আপনার বাবার হত্যাকারী, তারাই আপনার মায়ের ওপর নির্যাতনের জন্য দায়ী। তারাই বিএনপির অসংখ্য নেতাকর্মীর হত্যাকারী। বাংলাদেশ জামায়াতে ইসলামীর বহু নেতাকর্মীও তাদের হাতে নির্যাতিত ও নিহত হয়েছে।’
তিনি আরও বললেন, ‘সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ড, শাপলা চত্বরের ঘটনা এবং পিলখানা ট্র্যাজেডিসহ দেশের বিভিন্ন আলোচিত ঘটনার বিচার ও সত্য উদঘাটনের দাবি এখনো মানুষের মধ্যে রয়েছে।’
এনসিপি মতলব উত্তর উপজেলা কমিটির আহ্বায়ক আরিফা তুহিনের সভাপতিত্বে এবং সদস্য সচিব ইমাদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব নিজাম উদ্দিন, চাঁদপুর জেলা এনসিপির নেতা মাহবুবুল আলম, কেন্দ্রীয় যুব নারী শক্তির যুগ্ম আহ্বায়ক ইশরাত জাহান বিন্দু, উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আবুল বাশার, উপজেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক ইদ্রিস আলী প্রধানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।
এদিকে নাসির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলমের আগমনকে কেন্দ্র করে পুরো এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সরব উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
অনুষ্ঠানের আগের দিন চাঁদপুরের পুলিশ সুপার মো. রবিউল হাসান অনুষ্ঠানস্থল পরিদর্শন করে নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন নির্দেশনা প্রদান করেন। অনুষ্ঠানে পাঁচজন মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন রাজনৈতিক দলের শতাধিক নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগদান করেন বলে আয়োজকরা দাবি করেছেন।
