নড়াইলে ছাত্রদলের কমিটি, তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল
নড়াইল জেলা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়ায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল করেছেন নবগঠিত কমিটির নেতাকর্মীরা। আজ শুক্রবার (১৫ মে) বিকেলে নড়াইল চৌরাস্তা থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর আগে চৌরাস্তা এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন, নড়াইল জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির আহ্বায়ক খন্দকার মাহমুদুল হাসান সনি, সদস্য সচিব মামুন গাজী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ রুবাইয়াৎ তুরশেদ শাথীল, সদ্য সাবেক সভাপতি ফরিদ বিশ্বাসসহ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, নড়াইল জেলা আহবায়ক কমিটি ঘোষণা করায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও হুইপ রকিবুল ইসলাম বকুল, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। নতুন কমিটি সাংগঠনিক কাজকে আরো গতিশীল করে তুলবে।
গত ১২ মে নড়াইল জেলা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক। আহ্বায়ক কমিটি ৪ সদস্য বিশিষ্ট করা হয়েছে। আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি জমা দিতে বলা হয়েছে।
