ঢাকা বৃহঃস্পতিবার, ১৪ই মে ২০২৬, ৩১শে বৈশাখ ১৪৩৩


নড়াইল জেলা ছাত্রদলের আহ্বায়ক সনি, সদস্য সচিব মামুন


প্রকাশিত:
১৩ মে ২০২৬ ১৭:১৪

নড়াইল জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান সনিকে আহ্বায়ক ও সদর উপজেলার সাবেক আহ্বায়ক মামুন গাজীকে সদস্য সচিব করে জেলা ছাত্রদলের নতুন কমিটি করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) রাতে এ সংগঠনটির প্যাডে এ কমিটির অনুমোদন দেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

চার সদস্যবিশিষ্ট এ কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে জেলা ছাত্রদলের সদ্য সাবেক কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ রুবাইয়াত তুরশেদ শাথীলকে এবং যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন কালিয়া উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক স.ম রকিবুজ্জামান পাপ্পু।

নবগঠিত কমিটির আহ্বায়ক খন্দকার মাহমুদুল হাসান সনি বলেন, নতুন কমিটিতে আমাকে আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়ায় ছাত্রদলের কেন্দ্রীয় সাংসদের নেতৃবৃন্দ এবং দেশনায়ক তারেক রহমানকে কৃতজ্ঞতা। নিষ্ঠা ও স্বচ্ছতার সাথে কাজ করে সংগঠনকে সামনে এগিয়ে নিতে চাই।

সদস্য সচিব মামুন গাজী বলেন, অতীত আন্দোলন সংগ্রামে ভূমিকার প্রতিদান হিসেবে দেশনায়ক তারেক রহমান এবং ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ আমাকে মূল্যায়ন করেছেন। এজন্য তাদের প্রতি কৃতজ্ঞতা। কেন্দ্রীয় সংগঠনের নির্দেশনা মোতাবেক শীঘ্রই আহ্বায়ক কমিটি পূর্ণাঙ্গ করা হবে।