ঢাকা সোমবার, ১৫ই জুন ২০২৬, ১লা আষাঢ় ১৪৩৩


‘সাদা পাথর লুটের ঘটনায় স্থানীয় প্রশাসনের যোগসাজশ ছিল’


প্রকাশিত:
১৭ আগস্ট ২০২৫ ১৬:২৩

সৈয়দা রিজওয়ানা হাসান (ফাইল ছবি)

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ভোলাগঞ্জ থেকে সাদা পাথর লুটের ঘটনায় স্থানীয় প্রশাসনের যোগসাজশ বা নীরবতা ছিল। এ ঘটনায় প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত আসবে।

রবিবার (১৭ আগস্ট) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

পরিবেশ উপদেষ্টা বলেন, আগামী জানুয়ারি থেকে চীনের সঙ্গে তিস্তা মহা প্রকল্পের কাজ শুরু হয়। ১০ বছরের জন্য প্রকল্প নেওয়া হবে। নদী ভাঙন, বন্যা নিয়ন্ত্রণ এবং শুষ্ক মৌসুমে পানি ধরে রাখাই প্রকল্পের বড় লক্ষ্য।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিদেশে মিশনগুলো থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর বিষয়ে কোনও লিখিত নির্দেশনা আছে বলে জানা নেই। এ বিষয়ে উপদেষ্টা পরিষদেও কোনও আলোচনা বা সিদ্ধান্ত হয়নি। তবে এর সঙ্গে নির্বাচনের কোনও সম্পর্ক নেই। প্রধান উপদেষ্টার ঘোষিত সময় আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান এই উপদেষ্টা।