মন্ত্রী-প্রতিমন্ত্রীদের এপিএসদের বেতন বাড়ল: মূল বেতন কত?
সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সমমর্যাদার ব্যক্তিদের সহকারী একান্ত সচিব (এপিএস) এবং উপমন্ত্রীদের একান্ত সচিবদের (পিএস) বেতন বৃদ্ধি করা হয়েছে। এখন থেকে সরকারি চাকরির বাইরে থেকে এসব পদে অস্থায়ীভাবে নিয়োগপ্রাপ্তরা ৩২ হাজার ৫৪০ টাকা মূল বেতন পাবেন।
সম্প্রতি অর্থ বিভাগ থেকে এই বেতন নির্ধারণ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে একটি চিঠি পাঠানো হয়েছে। এর আগে গত ৩১ মার্চ এ বিষয়ে মতামত চেয়ে অর্থ বিভাগে চিঠি পাঠিয়েছিল জনপ্রশাসন মন্ত্রণালয়।
অর্থ বিভাগের চিঠিতে জানানো হয়, মন্ত্রী ও প্রতিমন্ত্রীর (সমমর্যাদা) অভিপ্রায়ে নিয়োগপ্রাপ্ত সহকারী একান্ত সচিব এবং উপমন্ত্রীর (সমমর্যাদা) অভিপ্রায়ে নিয়োগপ্রাপ্ত একান্ত সচিবদের—যারা সরকারি চাকরির বাইরে থেকে নিয়োগ পেয়েছেন—তাদের মূল বেতন 'জাতীয় বেতন স্কেল, ২০১৫' অনুযায়ী নবম গ্রেডের অষ্টম ধাপে ৩২ হাজার ৫৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।
আগে এই পদের কর্মকর্তারা জাতীয় বেতন স্কেল, ২০১৫-এর নবম গ্রেডের প্রারম্ভিক ধাপে অর্থাৎ ২২ হাজার টাকা মূল বেতনে নিয়োগ পেতেন। সেই হিসেবে তাদের মূল বেতন এক লাফে ১০ হাজার ৫৪০ টাকা বৃদ্ধি পেল।
তবে এই নতুন বেতন কাঠামো নির্ধারণের ক্ষেত্রে অর্থ বিভাগ কিছু শর্ত জুড়ে দিয়েছে। শর্তগুলো হলো: ১. এই মূল বেতন নির্ধারিত থাকবে; কোনো প্রকার বার্ষিক বেতন বৃদ্ধি (ইনক্রিমেন্ট) প্রযোজ্য হবে না। ২. তারা বিধি মোতাবেক অন্যান্য প্রচলিত ভাতাদি পাবেন। ৩. অস্থায়ী নিয়োগ হওয়ায় তারা কোনো প্রকার পেনশন, আনুতোষিক (গ্র্যাচুইটি) এবং ভবিষ্যৎ তহবিলের (প্রভিডেন্ট ফান্ড) সুবিধা পাবেন না।
অর্থ বিভাগ আরও স্পষ্ট করেছে যে, এই নির্ধারিত মূল বেতন কেবল মাত্র সরকারি চাকরির বাইরে থেকে সরাসরি নিয়োগপ্রাপ্তদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। ক্যাডার সার্ভিস বা সরকারি চাকরিতে নিয়োজিত ব্যক্তিরা এসব পদে নিয়োগ পেলে তাদের বেতন নির্ধারিত হবে তাদের নিজস্ব স্কেল অনুযায়ী।
উল্লেখ্য, সাধারণত মন্ত্রী বা প্রতিমন্ত্রীরা তাদের পছন্দের ব্যক্তিদের এপিএস হিসেবে নিয়োগ দিয়ে থাকেন। সরকারের মেয়াদ শেষ হওয়ার সাথে সাথে তাদের নিয়োগের মেয়াদও শেষ হয়ে যায়। তাদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতেই বেতন কাঠামোর এই পরিবর্তন আনা হলো বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
