ঢাকা শনিবার, ৬ই জুন ২০২৬, ২৪শে জ্যৈষ্ঠ ১৪৩৩


৬ শিশুর মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ ও চাকরির ব্যবস্থা করল আদ্-দ্বীন


প্রকাশিত:
৬ জুন ২০২৬ ১৫:৪০

রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ভুক্তভোগী পরিবারগুলোকে আজীবন বিনামূল্যে চিকিৎসাসেবা, শিক্ষাসুবিধা, চাকরির সুযোগ এবং সম্মানজনক ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে প্রতিষ্ঠানটি।

আজ শনিবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ের একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে ভুক্তভোগী পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষের উপস্থিতিতে এই ঘোষণা দেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির।

অনুষ্ঠানে জানানো হয়, ভুক্তভোগী পরিবারের বাবা, মা, ভাই, বোন ও সন্তানরা যতদিন জীবিত থাকবেন, ততদিন আদ্-দ্বীন হাসপাতাল ও এর আওতাধীন স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে ওষুধ ব্যতীত সব ধরনের চিকিৎসাসেবা সম্পূর্ণ বিনামূল্যে পাবেন।

শিক্ষাক্ষেত্রে সহায়তার বিষয়ে অ্যাডভোকেট শিশির মনির বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা আদ্-দ্বীন পরিচালিত যেকোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির যোগ্যতা অর্জন করলে এবং একাডেমিক শর্ত পূরণ সাপেক্ষে বিনা বেতনে অধ্যয়নের সুযোগ পাবেন। তবে মেডিকেল কলেজ বা অধিক ব্যয়সাপেক্ষ পেশাগত শিক্ষার ক্ষেত্রে বিশেষ বৃত্তি, টিউশন ফি মওকুফ কিংবা আর্থিক সহায়তার বিষয়টি পৃথকভাবে বিবেচনা করা হবে।

এছাড়া ভুক্তভোগী পরিবারের আগ্রহী ও উপযুক্ত সদস্যদের হাসপাতালের যোগ্যতাসম্পন্ন বিভিন্ন পদে চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি পরিবারগুলোকে উপযুক্ত ও সম্মানজনক ক্ষতিপূরণ প্রদানের বিষয়টিও নিশ্চিত করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ভুক্তভোগী পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে হাসপাতাল কর্তৃপক্ষ। এ ধরনের মানবিক উদ্যোগের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ভবিষ্যৎ সুরক্ষায় পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।