ঢাকা সোমবার, ২৫শে মে ২০২৬, ১১ই জ্যৈষ্ঠ ১৪৩৩


পশুবাহী গাড়ি নির্দিষ্ট হাটে নিতে বাধ্য করলে কঠোর ব্যবস্থা: র‍্যাব মহাপরিচালক


প্রকাশিত:
২৪ মে ২০২৬ ১৪:০৮

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুবাহী যানবাহন ছিনতাই বা জোরপূর্বক কোনো নির্দিষ্ট হাটে নিয়ে যাওয়ার প্রবণতা রুখতে বিশেষ নজরদারি জোরদার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। পশুর হাটে নিরাপত্তা নিশ্চিত করতে এবং ব্যবসায়ী ও ক্রেতাদের নির্বিঘ্ন চলাচল বজায় রাখতে দেশজুড়ে র‍্যাবের নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে।

রোববার বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর গাবতলী পশুর হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে র‍্যাব মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশ এসব কথা বলেন।

র‍্যাব মহাপরিচালক বলেন, “ঈদ উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীসহ সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গবাদি পশু নিরাপদে হাটে পৌঁছানো নিশ্চিত করতে র‍্যাবের ব্যাটালিয়নগুলো নিজ নিজ এলাকায় জোরদার টহল পরিচালনা করছে। ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত চেকপোস্ট স্থাপন করা হয়েছে এবং প্রতিটি হাটে কন্ট্রোল রুম চালু করা হয়েছে।”

পশু ব্যবসায়ীদের নিরাপত্তার বিষয়ে র‍্যাব প্রধান বলেন, ঈদকে কেন্দ্র করে রাজধানীতে জনসমাগম কমায় ব্যবসায়ীদের কাছ থেকে বিক্রির টাকা ছিনতাইয়ের ঝুঁকি বাড়ে। এটি মোকাবিলায় র‍্যাবের নিরাপত্তা চৌকি ও টহলের সংখ্যা বাড়ানো হয়েছে। এছাড়া জাল টাকা প্রতিরোধ ও শনাক্তকরণে হাটে প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত রাখা হয়েছে এবং জাল টাকা উৎপাদনকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান চলমান রয়েছে।

ক্রেতা-বিক্রেতাদের ভোগান্তি কমাতে এবং লেনদেনের নিরাপত্তা নিশ্চিত করতে নগদ টাকার পরিবর্তে ক্যাশলেস বা কার্ডের মাধ্যমে মূল্য পরিশোধে উৎসাহিত করছে র‍্যাব। এছাড়া কন্ট্রোল রুম ও ওয়াচ টাওয়ারের মাধ্যমে হাটে সার্বক্ষণিক বিশেষ নজরদারি রাখা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ঈদ ও কোরবানিকে কেন্দ্র করে গুজব বা বিভ্রান্তিকর তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন র‍্যাব মহাপরিচালক। তিনি বলেন, “গুজব ছড়িয়ে যারা জনমনে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

পরিদর্শনকালে র‍্যাব মহাপরিচালক গাবতলী হাটের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং তাদের নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস প্রদান করেন। সবশেষে তিনি বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বা অপরাধ দমনে র‍্যাবের নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও অভিযান ঈদ পর্যন্ত অব্যাহত থাকবে।