ঢাকা বৃহঃস্পতিবার, ২১শে মে ২০২৬, ৭ই জ্যৈষ্ঠ ১৪৩৩


পশুরহাটে নারীদের জন্য ‘পিংক টয়লেট’ নির্মাণের নির্দেশ ডিএনসিসি প্রশাসকের


প্রকাশিত:
২০ মে ২০২৬ ১৮:৫১

আসন্ন ঈদুল আজহায় পশুর হাটগুলোতে নারীদের জন্য ‘পিংক টয়লেট’ নির্মাণের নির্দেশ দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

বুধবার (২০ মে) সকালে কোরবানির হাট ইজারাদারসহ সংশ্লিষ্টদের নিয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন।

সভায় প্রশাসক বলেন, ইজারার শর্ত ভাঙলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি পশুর হাটকে কেন্দ্র করে রাজধানীতে যেন জনদুর্ভোগ বা যানজট না হয়, সে বিষয়েও সিটি করপোরেশন কঠোর নজরদারি রাখবে।

তিনি আরও বলেন, হাট থেকে প্রতিদিনের বর্জ্য প্রতিদিনই অপসারণ করতে হবে, যাতে পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন থাকে এবং সাধারণ মানুষ স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারেন।

এ সময় নারীদের সুবিধার কথা বিবেচনায় প্রতিটি হাটে ‘পিংক টয়লেট’ নামে গোলাপি রঙের আলাদা টয়লেট নির্মাণের নির্দেশনাও দেন ডিএনসিসি প্রশাসক।