ঢাকা বুধবার, ২০শে মে ২০২৬, ৭ই জ্যৈষ্ঠ ১৪৩৩


আওয়ামী লীগ ব্যাক করেনি, তারা ছিলই: আসিফ নজরুল


প্রকাশিত:
২০ মে ২০২৬ ১৫:২১

আওয়ামী লীগের রাজনৈতিক পরিস্থিতি এবং বর্তমান প্রেক্ষাপট নিয়ে ভিন্ন ভিন্ন মত পোষণ করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক দুই উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসা নিয়ে মন্তব্য করলেও, ভিন্নমত জানিয়েছেন সাবেক আইন উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল।

বুধবার (২০ মে) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে ড. আসিফ নজরুল লেখেন, “আওয়ামী লীগ ব্যাক করেনি, তারা ছিলই। ব্যাক করেছে তাদের দম্ভ, মিথ্যাচার আর মানুষকে বিভ্রান্ত করার দুঃসাহস।”

এর আগে, গত মঙ্গলবার (১৯ মে) ফেসবুকে একাধিক পোস্টের মাধ্যমে মাহফুজ আলম দাবি করেন যে, জুলাই পরবর্তী সময়ে আওয়ামী লীগ কার্যত বাংলাদেশের রাজনীতিতে ফিরে এসেছে। মাহফুজ আলমের দীর্ঘ বিশ্লেষণে তিনি বিভিন্ন ঘটনার উল্লেখ করে বলেন, আওয়ামী লীগ কোনো নির্দিষ্ট দিনে ফিরে আসেনি, বরং পরিস্থিতির প্রেক্ষাপটে তারা ধীরে ধীরে পুনর্বাসিত হয়েছে।

মাহফুজ আলম তার পোস্টে জুলাই-পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কর্মকাণ্ড, আমলাতন্ত্রের ভূমিকা, রাজনৈতিক দলের সাথে সরকারের সম্পর্ক এবং দেশের সাংস্কৃতিক ও সামাজিক পরিস্থিতির পরিবর্তনের দিকে ইঙ্গিত করেন। তিনি অভিযোগ করেন যে, ব্যবস্থা পরিবর্তনের চেয়ে সংস্কারের নামে বিভিন্ন গোষ্ঠীর স্বার্থরক্ষা ও রাজনৈতিক কৌশলের কারণেই আওয়ামী লীগ পুনরায় রাজনীতির মাঠে সক্রিয় হওয়ার সুযোগ পেয়েছে।

মাহফুজ আলমের সেই পোস্টের পরিপ্রেক্ষিতেই ড. আসিফ নজরুল স্পষ্ট করেন যে, আওয়ামী লীগের অস্তিত্ব কখনোই বিলীন হয়নি। বরং পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় দলটি তাদের পুরনো দম্ভ এবং মিথ্যাচারের ধারা নতুন করে চর্চা করার দুঃসাহস দেখাচ্ছে।

উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের সাবেক এই দুই উপদেষ্টার এমন ভিন্নমুখী ও বিশ্লেষণধর্মী মতামত দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান ও দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তাদের এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।