‘সরকারি জমি দখলকারীদের ছাড় নয়’, ঢাকার ডিসিকে প্রধানমন্ত্রীর নির্দেশ
দীর্ঘদিন ধরে অবৈধ দখলে থাকা সরকারি খাসজমি যেকোনো মূল্যে উদ্ধার করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে এসব জমি দ্রুততম সময়ের মধ্যে সরকারের পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে আসার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন তিনি।
মঙ্গলবার (১৯ মে) রাজধানীর তেজগাঁওয়ে ‘ভূমি সেবা মেলা-২০২৬’ উপলক্ষে বিভিন্ন স্টল পরিদর্শনকালে ঢাকার জেলা প্রশাসক (ডিসি) ফরিদা খানমকে এ নির্দেশনা দেন সরকারপ্রধান।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকারি খাসজমি উদ্ধারে ঢাকা জেলা প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাসও দিয়েছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে সরকারি সম্পদ রক্ষায় কোনো ধরনের আপস না করার কঠোর বার্তা দিয়েছেন তিনি।
সম্প্রতি রাজধানীর লালবাগ এলাকায় সরকারের প্রায় এক একর খাসজমি অবৈধ দখলদারদের কবল থেকে সফলভাবে পুনরুদ্ধার করায় ডিসি ফরিদা খানমের ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী। সূত্র বলছে, ওই অভিযানের দৃঢ়তা, প্রশাসনিক সাহসিকতা ও দ্রুত বাস্তবায়ন নিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, প্রধানমন্ত্রী স্পষ্টভাবে বলেছেন—প্রভাবশালী কিংবা রাজনৈতিক পরিচয় ব্যবহার করে যাঁরা সরকারি জমি দখল করে আছেন, তাঁদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নিতে হবে। সরকারি জমি উদ্ধারে চলমান অভিযান আরও জোরদারেরও নির্দেশনা দেন তিনি।
এ ছাড়া জেলা প্রশাসনের সেবা সহজীকরণে 'হ্যালো ডিসি' নামের একটি জরুরি সেবা চালুর কথা প্রধানমন্ত্রীকে জানান ঢাকার জেলা প্রশাসক। নাগরিক সেবা সহজ করতে এমন উদ্যোগ নেওয়ার জন্য ডিসিকে ধন্যবাদ জানান এবং তাঁর প্রশংসা করেন প্রধানমন্ত্রী।
এর আগে গত ১৩ মে রাজধানীর লালবাগে অবৈধ স্থাপনা উচ্ছেদে ঐতিহাসিক এক অভিযান পরিচালনা করে ঢাকা জেলা প্রশাসন। জেলা প্রশাসক ফরিদা খানমের নেতৃত্বে পরিচালিত ওই বিশেষ অভিযানের মাধ্যমে দীর্ঘ ২০ বছরের বেশি সময় ধরে অবৈধ দখলে থাকা এক একর জমি উদ্ধার করা হয়। জমিটি সরকারের আয়ত্তে নেওয়ার পর এলাকাজুড়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়। স্থানীয় লোকজন প্রশাসনের এই উদ্যোগকে ‘সাহসী ও নজিরবিহীন পদক্ষেপ’ বলে আখ্যা দিয়েছেন।
জানা গেছে, উদ্ধার হওয়া মূল্যবান এই জমি ভবিষ্যতে জনকল্যাণমূলক প্রকল্প ও সরকারি উন্নয়ন কর্মকাণ্ডে ব্যবহার করা হবে।
অন্যদিকে ‘ভূমি সেবা মেলা-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে ৪৭টি চেকের মাধ্যমে ৮৮ জন ব্যক্তির মধ্যে মোট ৩৬ কোটি ৬৭ লাখ ৭৮ হাজার ৫১৭ টাকার ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ বিতরণ করা হয়।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, সারা দেশে সবচেয়ে বেশি ই-নামজারি আবেদন জমা পড়ে ঢাকা জেলায় এবং নিষ্পত্তির তালিকাতেও শীর্ষে রয়েছে এই জেলা প্রশাসন। গত ৩০ দিনে ঢাকা জেলায় প্রায় ৩০ হাজার নামজারি আবেদনের বিপরীতে নিষ্পত্তি হয়েছে ২৩ হাজার ৬৩টি আবেদন। এসব আবেদন নিষ্পত্তিতে গড়ে সময় লেগেছে ১৯ দিন, যা ভূমি মন্ত্রণালয় নির্ধারিত ২৮ দিনের তুলনায় অনেক কম।
