ঢাকা সোমবার, ১৮ই মে ২০২৬, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩৩


বড় হচ্ছে উন্নয়নের বাজেট: ৩ লাখ ৮ হাজার কোটি টাকার এডিপি অনুমোদন কাল


প্রকাশিত:
১৭ মে ২০২৬ ২০:৩১

আগামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩ লাখ ৮ হাজার কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) চূড়ান্ত করতে যাচ্ছে সরকার। আগামীকাল সোমবার (১৮ মে) রাজধানীর পরিকল্পনা কমিশনের সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি)-এর সভায় এই উন্নয়ন বাজেট চূড়ান্ত অনুমোদন পাবে। সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রস্তাবিত নতুন এডিপি’র আকার চলতি অর্থবছরের মূল বাজেটের (২ লাখ ৩০ হাজার কোটি টাকা) তুলনায় ৭৮ হাজার কোটি টাকা বেশি। আর চলতি অর্থবছরের কাটছাঁট করা সংশোধিত এডিপি’র (২ লাখ কোটি টাকা) তুলনায় নতুন এই বাজেট ১ লাখ ৮ হাজার কোটি টাকা বড়।

নতুন এডিপিতে মোট ১ হাজার ১৫০টি প্রকল্প অন্তর্ভুক্ত করা হয়েছে। বরাদ্দের তালিকার শীর্ষে থাকা পরিবহন ও যোগাযোগ খাতে ৫০ হাজার কোটি টাকা রাখা হয়েছে। তবে গুরুত্বের দিক থেকে এটি চলতি অর্থবছরের মূল বরাদ্দ (৫৮ হাজার ৯৭৩ কোটি টাকা) থেকে কিছুটা কম।

জনকল্যাণমুখী উদ্যোগকে প্রাধান্য দিয়ে প্রস্তাবিত নতুন এডিপিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ খাতে বিশেষ বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে ফ্যামিলি কার্ডের জন্য ১৪ হাজার ৫০০ কোটি টাকা, কৃষি কার্ডের জন্য ১ হাজার ৪০০ কোটি টাকা এবং মসজিদ ও ধর্মীয় উপাসনালয় সংস্কার ও উন্নয়নের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, বিশাল আকারের এই এডিপি বাস্তবায়নের চ্যালেঞ্জ থাকবে প্রকল্পগুলোর গুণগত মান বজায় রাখা এবং সময়মতো অর্থ ছাড় নিশ্চিত করা। এখন এনইসি সভার অনুমোদনের অপেক্ষায় নতুন অর্থবছরের এই কর্মপরিকল্পনা।