ঢাকা মঙ্গলবার, ১৯শে মে ২০২৬, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩৩


শরীয়তপুরে চিকিৎসকের ওপর বর্বরোচিত হামলা: লালমনিরহাটে দোষীদের বিচারের দাবিতে মানববন্ধন


প্রকাশিত:
১৮ মে ২০২৬ ১৭:১৭

শরীয়তপুর জেলা সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. নাসির ইসলামের ওপর হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে লালমনিরহাটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ মে) দুপুরে লালমনিরহাট শহরের প্রাণকেন্দ্র মিশন মোড়ে এই কর্মসূচি পালিত হয়। বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন (বিপিএইচসিডিএ) লালমনিরহাট জেলা শাখার উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনে জেলার বিভিন্ন চিকিৎসালয় ও রোগ নির্ণয় কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, চিকিৎসকরা সব সময় মানুষের সেবায় নিয়োজিত থাকেন। অথচ দেশের বিভিন্ন স্থানে তাদের ওপর ধারাবাহিকভাবে হামলা চালানো হচ্ছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ডা. নাসির ইসলামের ওপর এই বর্বর হামলা চিকিৎসক সমাজের জন্য লজ্জাজনক এবং হুমকিস্বরূপ।

বক্তারা আরও বলেন, “হাসপাতালের মতো নিরাপদ কর্মক্ষেত্রে চিকিৎসকরা যদি হামলা ও নির্যাতনের শিকার হন, তবে সাধারণ মানুষের চিকিৎসা সেবা চরমভাবে ব্যাহত হবে। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, অবিলম্বে ডা. নাসিরের ওপর হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হোক এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।”

সেই সঙ্গে স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তায় প্রয়োজনীয় আইন প্রণয়ন ও তা কঠোরভাবে প্রয়োগের দাবি জানান উপস্থিত নেতারা। মানববন্ধনে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা না হলে ভবিষ্যতে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।