দিনাজপুরের কাহারোলে দুই ফিলিং স্টেশনে জরিমানা, সতর্ক প্রশাসন
দিনাজপুরের কাহারোল উপজেলায় জ্বালানি তেল বিক্রিতে অনিয়ম, ওজনে কারচুপি এবং প্রয়োজনীয় কাগজপত্র নবায়ন না থাকায় দুটি ফিলিং স্টেশনে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে দুই ফিলিং স্টেশনকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (১৭ মে, ২০২৬) দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন কাহারোল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ। এ সময় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অভিযান সূত্রে জানা যায়, মেসার্স কাহারোল ফিলিং স্টেশনে তেল বিক্রিতে ওজনে কম দেওয়ার প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটির ম্যানেজার আব্দুল হাইকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া, মেসার্স আসমা লতিফা ফিলিং স্টেশনের ক্যালিব্রেশন সার্টিফিকেট (পরিমাপক যন্ত্রের বৈধতা সনদ) নবায়ন না থাকায় ম্যানেজার নারায়ণ অধিকারীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ বলেন, জ্বালানি তেল বিক্রিতে গ্রাহকদের প্রতারিত করার সুযোগ নেই। ওজনে কম দেওয়া বা প্রয়োজনীয় নথিপত্র না থাকা আইনত দণ্ডনীয় অপরাধ।
তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “উপজেলায় জ্বালানি তেলসহ যেকোনো ধরনের অনিয়ম ও সিন্ডিকেট কারবারিদের বিরুদ্ধে আমাদের প্রশাসনিক তৎপরতা ও কঠোর নজরদারি অব্যাহত থাকবে। জনস্বার্থে এই ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।”
সরকারি এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
