ঢাকা সোমবার, ১৮ই মে ২০২৬, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩৩


সাজিদের ‘লেজের আঘাত’: পাকিস্তানকে ২৩২ রানে থামিয়ে বাংলাদেশের লিড


প্রকাশিত:
১৭ মে ২০২৬ ১৫:৫০

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বোলারদের দারুণ নৈপুণ্যে দ্বিতীয় টেস্টের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখেছে বাংলাদেশ। বাবর আজমের ফিফটি ছাড়া পাকিস্তানের স্বীকৃত ব্যাটারদের প্রায় পুরোটা সময়ই চাপে রেখেছিলেন রানা-তাসকিনরা। তবে শেষ দিকে নয় নম্বরে নামা সাজিদ খানের ঝড়ো ইনিংসে লিড কিছুটা কমেছে টাইগারদের। শেষ পর্যন্ত প্রথম ইনিংসে পাকিস্তানকে ২৩২ রানে অলআউট করে ৪৬ রানের লিড পেয়েছে স্বাগতিক বাংলাদেশ।

রোববার (১৭ মে) দ্বিতীয় দিনের শুরুতে ব্যাটিংয়ে নেমেই তাসকিন আহমেদের তোপে পড়ে সফরকারীরা। দিনের দ্বিতীয় ওভারের প্রথম বলেই ৯ রান করা ওপেনার আব্দুল্লাহ ফজলকে ফেরান তাসকিন। মিরপুর টেস্টের দুই ইনিংসে হাফসেঞ্চুরি করা এই ২৩ বছর বয়সী ওপেনারের ক্যাচটি বাঁ দিকে ঝাঁপিয়ে দারুণভাবে তালুবন্দী করেন উইকেটরক্ষক লিটন দাস। এক ওভার পর আরেক সেঞ্চুরিয়ান ওপেনার আজান আওয়াইসকেও (১৩) শর্ট লেগে মুমিনুল হকের ক্যাচ বানান তাসকিন।

শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন বাবর আজম ও অধিনায়ক শান মাসুদ। তবে তাদের ৩৮ রানের জুটি বেশি বড় হতে দেননি মেহেদী হাসান মিরাজ। ২১ রান করা মাসুদ কাভারে শট খেলতে গিয়ে শর্টে থাকা বদলি ফিল্ডার নাঈম হাসানের হাতে ধরা পড়েন। এরপর সৌদ শাকিলকেও (৮) থিতু হতে দেননি মিরাজ। চাপ কাটাতে সুইপ করতে গিয়ে বল আকাশে তুলে দেন তিনি, যা অনায়াসেই গ্লাভসবন্দী করেন লিটন।

তাসকিন-মিরাজের জোড়া আঘাতের পর বাবর আজম ও সালমান আগা মিলে পাকিস্তানকে টেনে তোলার চেষ্টা করেন। তাদের ৬৩ রানের জুটিটিই পাকিস্তানের ইনিংসের সর্বোচ্চ। বাবর বেশ সাবলীলভাবেই ব্যাট করছিলেন। তবে ব্যক্তিগত ৬৮ রানে নাহিদ রানার একটি ফুল লেন্থ বলে খেই হারিয়ে মুশফিকুর রহিমের হাতে ক্যাচ দেন সাবেক এই পাক অধিনায়ক। ৮৪ বলের ইনিংসে তিনি ১০টি চার হাঁকান। বাবরের বিদায়ের পর নিয়মিত বিরতিতে সালমান (২১), মোহাম্মদ রিজওয়ান (১৩) ও হাসান আলির (১৮) উইকেট হারায় পাকিস্তান।

এক পর্যায়ে মনে হচ্ছিল বাংলাদেশের লিডটা বেশ বড়ই হবে। কিন্তু নয় নম্বরে নেমে পাগলাটে ব্যাটিং শুরু করেন সাজিদ খান। মাত্র ২৮ বলে ২ চার ও ৪ ছক্কায় ৩৮ রানের এক ক্যামিও ইনিংস খেলে দলের ব্যবধান কমান তিনি। শেষ পর্যন্ত তার এই ‘লেজের আঘাতে’ পাকিস্তানের ইনিংস ২৩২ রান পর্যন্ত পৌঁছাতে সক্ষম হয়।

বল হাতে বাংলাদেশের হয়ে পেসার নাহিদ রানা ও স্পিনার তাইজুল ইসলাম সর্বোচ্চ ৩টি করে উইকেট শিকার করেন। এছাড়া তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজের শিকার ২টি করে উইকেট। ৪৬ রানের লিড নিয়ে এখন দ্বিতীয় ইনিংসে নিজেদের অবস্থান শক্ত করার অপেক্ষায় নাজমুল হোসেন শান্তর দল।