কেন বিশ্বকাপে খেলেনি বাংলাদেশ? খতিয়ে দেখতে মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন
সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ জাতীয় পুরুষ ক্রিকেট দলের অংশগ্রহণ না করার কারণ খতিয়ে দেখতে তিন সদস্যের একটি শক্তিশালী তদন্ত কমিটি গঠন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। আজ সোমবার মন্ত্রণালয়ের এক অফিস আদেশের মাধ্যমে এই কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ক্রীড়াঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার প্রেক্ষাপটে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখার ঘোষণা দিয়েছিলেন। সেই ঘোষণার অংশ হিসেবেই এই পদক্ষেপ নিল মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন অণুবিভাগ) কে এম অলিউল্ল্যাকে এই তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন—জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমান প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ফয়সালা দস্তগীর। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব অংগ্যজাই মারমা স্বাক্ষরিত আদেশে কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
উল্লেখ্য, ভারতের মাটিতে অনুষ্ঠিত হওয়া গত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের অংশগ্রহণ না করা নিয়ে ক্রীড়া বিশ্বে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছিল। ঘটনার সূত্রপাত হয়েছিল তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে বাদ দেওয়ার ঘটনায়।
তৎকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এর প্রতিবাদে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অবস্থান ব্যক্ত করেছিলেন। তিনি দাবি করেছিলেন, বর্তমান পরিস্থিতিতে ভারতে খেলতে যাওয়া বাংলাদেশের খেলোয়াড়দের জন্য অনিরাপদ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) তৎকালীন উপদেষ্টার এই অবস্থানের প্রতি সমর্থন জানায়। পরবর্তীতে বিসিবি আইসিসির কাছে বিশ্বকাপের ভেন্যু ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় নেওয়ার প্রস্তাব দেয়। কিন্তু আইসিসি ভেন্যু পরিবর্তনে অস্বীকৃতি জানালে এবং বাংলাদেশ ও আইসিসি উভয় পক্ষ নিজ নিজ অবস্থানে অনড় থাকায় শেষ পর্যন্ত বিশ্বকাপের মতো বড় আসরে অংশ নেওয়া থেকে বঞ্চিত হয় লাল-সবুজের দল।
তদন্ত কমিটিতে হাবিবুল বাশার সুমনের অন্তর্ভুক্তি নিয়ে ইতোমধ্যে ক্রীড়াঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বাশার বর্তমানে বিসিবির প্রধান নির্বাচক হিসেবে বেতনভুক্ত কর্মকর্তা। বিসিবির সিদ্ধান্তের কারণেই যেখানে দল বিশ্বকাপে যায়নি, সেখানে বিসিবির একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তাকে তদন্ত কমিটিতে রাখা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। এছাড়া বর্তমানে পাকিস্তানের বিপক্ষে চলমান সিরিজে বাশার ব্যস্ত সময় পার করছেন। এর মধ্যেই তাকে এই সংবেদনশীল বিষয়ের তদন্ত কাজ এগিয়ে নিতে হবে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই কমিটি কেবল বিশ্বকাপে না যাওয়ার কারণই নয়, বরং ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় সুপারিশও প্রদান করবে। ১৫ কার্যদিবস পর কমিটি কী রিপোর্ট জমা দেয়, এখন সেদিকেই তাকিয়ে দেশের ক্রিকেট প্রেমীরা।
