ঢাকা বুধবার, ২৬শে আগস্ট ২০২৬, ১২ই ভাদ্র ১৪৩৩


মা-বাবার বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ নিয়ে আদালতে মেয়ে


প্রকাশিত:
২২ জুন ২০২৫ ১৭:৫০

ছবি : সংগৃহীত

মা ও বাবার বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনে নিজের সুরক্ষা চেয়ে আদালতে আবেদন করেছেন ঢাকার এক তরুণী।

১৯ বছর বয়সী ওই তরুণী মোহাম্মদপুরের একটি ইংরেজি মাধ্যেমের শিক্ষা প্রতিষ্ঠানের ‘এ’ লেভেলের ছাত্রী। মোহাম্মদপুরেই তাদের বাসা। তার বাবা বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের একজন সাবেক পরিচালক।

মেয়েটির আবেদন শুনে রোববার ঢাকার মহানগর হাকিম এম এ আজহারুল ইসলাম বাবা-মাকে আদালতে হাজির হতে সমন জারি করেছেন।

ওই তরুণীর আইনজীবী ইসফাকুর রহমান গালিব বলেন, “বাদী নিজের সুরক্ষা চেয়ে পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা আইন অনুযায়ী আদালতে মামলা দায়ের করেছেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আসামিদের আদালতে হাজির হতে বলেছে।”

আবেদনকারী তরুণী সাংবাদিকদের বলেন, “আমার মা ও বাবা আমাকে নির্যাতন করে। আমি সুন্দর একটা জীবন চাই। জাস্টিস পেতে আদালতে এসেছি।”

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ২৫ মে সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের বাসায় মেয়েটিকে ‘শারীরিকভাবে আঘাত’ এবং ‘অশ্লীল ভাষায় গালিগালাজ’ করেন তার বাবা-মা। আঘাতে তার শরীরে জখম হয়। মেয়েটির অভিযোগ, তিনি প্রাপ্তবয়স্ক হওয়ার পরও বাবা-মা তার ‘ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ, অপমান ও নির্যাতন’ করে যাচ্ছেন। পরিবারের নিত্য ব্যবহার্য জিনিসপত্র ব্যবহারে তাকে বাধা দিচ্ছেন।

মামলায় বলা হয়, “পারিবারিক সম্পর্কের কারণে যে সকল সম্পদ বা সুযোগ সুবিধা ব্যবহারের অধিকার রয়েছে, তা থেকে বঞ্চিত করে এবং বৈধ অধিকার প্রয়োগে বাধা প্রদান করা হচ্ছে। তারা মৌখিক নির্যাতন, অপমান, অবজ্ঞা, ভীতি প্রদর্শন, অশ্লীল ভাষায় গালিগালাজ করে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করেছেন। শারীরিকভাবে আঘাত করে নির্যাতন হয়েছে, যার মাধ্যমে সহিংসতা ঘটেছে।”