আপিল বিভাগেও জামিন বহাল: কারামুক্তিতে আর বাধা নেই আইভীর
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর কারামুক্তিতে আর কোনো আইনি বাধা নেই। তার বিরুদ্ধে দায়ের করা পাঁচটি মামলায় হাইকোর্টের দেওয়া জামিন আদেশ আজ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
রোববার (১০ মে) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে এই আদেশ দেন। আদালতে আইভীর পক্ষে শুনানি করেন প্রখ্যাত আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন ও অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু। সংশ্লিষ্ট আইনজীবীরা জানিয়েছেন, এই আদেশের ফলে আইভীর কারাগার থেকে মুক্তি পেতে আর কোনো আইনি জটিলতা রইল না।
আদালত সূত্রে জানা গেছে, ফতুল্লা ও সদর মডেল থানায় দায়ের করা পৃথক পাঁচটি মামলায় হাইকোর্ট আগে আইভীকে জামিন দিয়েছিলেন। তবে রাষ্ট্রপক্ষ ওই জামিন আদেশের বিরুদ্ধে আপিল করলে চেম্বার আদালত জামিন স্থগিত করে বিষয়টি নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান। আজ আপিল বিভাগের চূড়ান্ত আদেশের ফলে আইভীর জামিন বহাল থাকল। যেসব মামলায় জামিন বহাল রাখা হয়েছে, তার মধ্যে রয়েছে ফতুল্লা থানার বাসচালক আবুল হোসেন মিজি হত্যা, আব্দুর রহমান হত্যা, মো. ইয়াছিন হত্যা ও পারভেজ হত্যা মামলা। এছাড়া সদর মডেল থানায় সরকারি কাজে বাধা ও হামলার অভিযোগে দায়ের হওয়া আরেকটি মামলাও রয়েছে।
গত বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জের দেওভোগ এলাকার নিজ বাসভবন ‘চুনকা কুটির’ থেকে সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করা হয়েছিল। এরপর থেকে তিনি দীর্ঘ সময় কারাগারে রয়েছেন। গ্রেপ্তারের পর তাকে দফায় দফায় বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়। গত ১৮ নভেম্বর আরও পাঁচ মামলায় আইভীকে গ্রেপ্তার দেখানো হলেও চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি হাইকোর্ট থেকে তিনি জামিন পান। এর মধ্যে আরও দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হলেও সেগুলোতেও তিনি উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন। সব মিলিয়ে সকল মামলায় জামিন পাওয়ায় তার কারামুক্তির পথ এখন সম্পূর্ণ পরিষ্কার বলে জানিয়েছেন আইনজীবীরা।
