ঢাকা শুক্রবার, ৩০শে অক্টোবর ২০২৬, ১৬ই কার্তিক ১৪৩৩


ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত, আহত ২০


প্রকাশিত:
১৫ অক্টোবর ২০২৪ ১৭:৪৬

ফরিদপুর সদর উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত পাঁচজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৫ অক্টোবর) ভোর ৫টার দিকে উপজেলার মল্লিকপুরে ফরিদপুর-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ২০ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি মো. সালাউদ্দিন বলেন, ঢাকার আব্দুল্লাপুর থেকে ঝিনাইদহগামী গ্রিন এক্সপ্রেস নামে যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বিপরীত দিকে সাতক্ষীরার শ্যামনগর থেকে ছেড়ে আসা খাগড়াছড়ি পরিবহণ নামে অপর একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পাঁচজনের প্রাণহানি ও কমপক্ষে ২৫ জন আহত হয়েছে।

নিহতরা খাগড়াছড়ি পরিবহণের যাত্রী ছিলেন বলে প্রাথমিক ভাবে নিশ্চিত করেন এই পুলিশ কর্মকর্তা।

ওসি মো. সালাউদ্দিন বলেন, আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে ২০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত হতাহতের বিস্তারিত পরিচয় জানা যায়নি।