অনলাইনে ধামইরহাটের তরুণীর আপত্তিকর ছবি ছড়ানোর অভিযোগে টাঙ্গাইল থেকে যুবক গ্রেপ্তার
নওগাঁর ধামইরহাট থানায় এক তরুণীর নগ্ন ও আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে টাঙ্গাইলের গোপালপুর থেকে মো. আলিফ হোসেন (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার (৮ জুন) প্রযুক্তির সহায়তায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আলিফ হোসেন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার চরবিরসিংহ গ্রামের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, তার কাছ থেকে জব্দ করা মুঠোফোনে ভুক্তভোগী তরুণীসহ আরও বেশ কয়েকজন নারীর আপত্তিকর ছবি ও ভিডিও পাওয়া গেছে।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, ধামইরহাট উপজেলার বাসিন্দা শাফিরুল ইসলাম সম্প্রতি থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, তার মেয়ের আপত্তিকর ছবি কিছু দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে হয়রানি করা হচ্ছে। বিষয়টি নওগাঁ জেলা পুলিশের নজরে আসার পর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব সহকারে তদন্তের নির্দেশ দেন। পরে জেলা পুলিশের তথ্যপ্রযুক্তি ও সাইবার বিশ্লেষণ শাখার একটি বিশেষ দল আসামির অবস্থান শনাক্ত করে টাঙ্গাইলে অভিযান চালায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পুলিশ জানায়, অভিযুক্ত আলিফ হোসেন সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ছদ্মনামে নারীদের সঙ্গে সখ্যতা গড়ে তুলতেন। পরে কৌশলে তাদের ব্যক্তিগত ছবি ও ভিডিও হাতিয়ে নিয়ে তা ইন্টারনেটে ছড়ানোর ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল ও মানসিক হয়রানি করতেন। তার ফোনে এমন আরও কয়েকজন ভুক্তভোগী নারীর প্রমাণ মিলেছে।
ধামইরহাট থানা-পুলিশ জানিয়েছে, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ ও সাইবার অপরাধ আইনে দায়ের করা মামলায় আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। নারী ও শিশুদের টার্গেট করে যারা এই ধরনের সাইবার অপরাধের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে জেলা পুলিশের এই কঠোর অবস্থান ও অভিযান অব্যাহত থাকবে।
