খুলনায় গোয়েন্দা পুলিশের অভিযানে ‘বি কোম্পানি’র সক্রিয় সদস্য বেল্লাল মোল্যা গ্রেপ্তার
খুলনা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সন্ত্রাস ও মাদকবিরোধী বিশেষ অভিযানে ‘বি কোম্পানি’র সক্রিয় সদস্য এবং একাধিক মামলার আসামি মোঃ বেল্লাল মোল্যা (২৭) গ্রেপ্তার হয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত বেল্লাল মোল্যা খুলনা নগরীর সোনাডাঙ্গা এলাকার হাতিল ফার্নিচার মোড় সংলগ্ন এলাকার বাসিন্দা। তিনি জালাল মোল্যার ছেলে। দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া তার নামে একাধিক মামলা বিচারাধীন রয়েছে বলে জানা গেছে।
গোয়েন্দা বিভাগের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার বিরুদ্ধে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
খুলনা মহানগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নগরীতে সন্ত্রাস, মাদক ও অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
