ঢাকা সোমবার, ৮ই জুন ২০২৬, ২৬শে জ্যৈষ্ঠ ১৪৩৩


এনসিপির সঙ্গে হাতাহাতির পরদিনই চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া বাড়ল ৩০ শতাংশ: অতিরিক্ত নিলে ব্যবস্থা


প্রকাশিত:
৮ জুন ২০২৬ ১৯:১৩

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ‘বাড়তি ভাড়া’ আদায়ের অভিযোগকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের সঙ্গে অ্যাম্বুলেন্স মালিকদের হাতাহাতির ঘটনার ২৪ ঘণ্টা না পেরোতেই ভাড়া বৃদ্ধির ঘোষণা দেওয়া হয়েছে। মালিক সমিতির দাবির মুখে চমেক অ্যাম্বুলেন্সের ভাড়া আগের তুলনায় ৩০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। সোমবার (৮ জুন) চমেক হাসপাতালের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক জরুরি মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় জানানো হয়, সবকিছুর ব্যয় বৃদ্ধি পাওয়ায় অ্যাম্বুলেন্স মালিকরা ভাড়া ৫০ শতাংশ বাড়ানোর প্রস্তাব করেছিলেন। তবে দীর্ঘ আলোচনার পর চমেক প্রশাসন ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি ৩০ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্তে উপনীত হয়। সোমবার থেকেই এই নতুন ভাড়া কার্যকর হয়েছে। আগামী তিন মাস এই ভাড়া বহাল থাকবে এবং পরবর্তী সময়ে পরিস্থিতি বিবেচনা করে তা পুনরায় মূল্যায়ন করা হবে।

হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি মালিকদের সতর্ক করে দিয়ে বলেন, “নির্ধারিত ভাড়ার চেয়ে এক টাকাও বেশি আদায় করা যাবে না। যদি কোনো চালক বা মালিক অতিরিক্ত ভাড়া আদায় করেন, তবে সেই টাকা অবশ্যই ভুক্তভোগীকে ফেরত দিতে হবে। কোনো সিন্ডিকেট বা অনিয়ম সহ্য করা হবে না।”

মেয়র আরও জানান, হাসপাতাল এলাকার যানজট নিরসনে এখন থেকে অলি খাঁ মসজিদ থেকে প্রবর্তক মোড় পর্যন্ত প্রধান সড়কে কোনো অ্যাম্বুলেন্স পার্কিং করা যাবে না। অ্যাম্বুলেন্সগুলো পাঁচলাইশ আবাসিক এলাকার মুখ এবং জাতিসংঘ পার্ক সংলগ্ন গণপূর্ত মন্ত্রণালয়ের খালি জায়গায় নিয়মতান্ত্রিকভাবে পার্কিং করতে হবে। এছাড়াও, হাসপাতালের শৃঙ্খলা রক্ষায় বাইরের কোনো অ্যাম্বুলেন্স মেডিকেলের ভেতরে প্রবেশ করতে পারবে না; তবে রোগীদের নিজস্ব ব্যক্তিগত গাড়ি প্রবেশের সুযোগ থাকবে।

অ্যাম্বুলেন্স মালিক সমিতির সভাপতি মোহাম্মদ ইউসুফ এবং সাধারণ সম্পাদক মো. আমান উল্লাহ চৌধুরী জানান, গত বছরের ১৮ জুনের পর এবারই প্রথম ভাড়া সমন্বয় করা হলো। বর্ধিত ভাড়ার তালিকা দ্রুতই কার্যকর করা হচ্ছে।

উল্লেখ্য, গত রবিবার (৭ জুন) নোয়াখালীর সোনাইমুড়ী যাওয়ার জন্য একটি অ্যাম্বুলেন্সের ভাড়া নিয়ে সিন্ডিকেটের মাধ্যমে কয়েক গুণ বেশি টাকা দাবির অভিযোগ ওঠে। এ নিয়ে বিকেলে চমেক হাসপাতালের পূর্ব গেটে এনসিপি নেতাকর্মীদের সঙ্গে অ্যাম্বুলেন্স কর্মীদের হাতাহাতির ঘটনা ঘটে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই তড়িঘড়ি করে ভাড়া বাড়ানোর এই সিদ্ধান্ত এল।

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) এবং অ্যাম্বুলেন্স মালিক সমবায় সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।