ঢাকা সোমবার, ৮ই জুন ২০২৬, ২৬শে জ্যৈষ্ঠ ১৪৩৩


বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ মাদকসেবীর কারাদণ্ড


প্রকাশিত:
৮ জুন ২০২৬ ১৮:২৯

জামালপুরের বকশীগঞ্জে মাদকবিরোধী অভিযানে তিন মাদকসেবীকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৮ জুন) সকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অভিযানে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক খসরু আল মামুন ও আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন বকশীগঞ্জ পৌর এলাকার উত্তর বাজার কামারপট্টি মোড়ের মৃত ইউসুফের ছেলে শান্ত (২৩), মিয়াপাড়ার মৃত আইজল হকের ছেলে আজিজ মিয়া এবং নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার পানিসা ইউনিয়নের আশ্রাব আলীর ছেলে সোহাগ (৩০)।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শান্ত ও আজিজকে পৌর এলাকা মিয়া পাড়া থেকে মাদক সেবনের সময় আটক করা হয়। অপরদিকে সোহাগকে উপজেলার ধানুয়াকামালপুর ইউনিয়নের রহিমপুর এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়।

পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা নিষ্পত্তি করে ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। এছাড়া অর্থদণ্ড অনাদায়ে আজিজ মিয়াকে আরও ১২ দিনের এবং সোহাগকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা বলেন, “মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর বিভিন্ন ধারায় তাদের সাজা প্রদান করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান বকশীগঞ্জে ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”স্থানীয়দের মতে, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকলে এলাকায় মাদকের বিস্তার রোধে ইতিবাচক প্রভাব পড়বে।