ঢাকা শুক্রবার, ৫ই জুন ২০২৬, ২৩শে জ্যৈষ্ঠ ১৪৩৩


তীব্র তাপদাহে পুড়ছে গংগাচড়ার জনজীবন


প্রকাশিত:
৫ জুন ২০২৬ ১৫:০১

রংপুরের গংগাচড়া উপজেলা জুড়ে চলমান তীব্র তাপদাহে জনজীবন হয়ে উঠেছে দুর্বিষহ। আজ (৩ জুন) উপজেলার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। প্রখর রোদ ও গরম বাতাসে বিপর্যস্ত হয়ে পড়েছেন সাধারণ মানুষ।

সকাল থেকেই সূর্যের তীব্র তাপে রাস্তাঘাট, হাটবাজার ও জনসমাগমস্থলগুলোতে মানুষের উপস্থিতি ছিল তুলনামূলক কম। প্রয়োজন ছাড়া অনেকেই ঘর থেকে বের হচ্ছেন না। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া শ্রমজীবী মানুষ, কৃষক, রিকশাচালক ও দিনমজুররা। জীবিকার তাগিদে প্রচণ্ড রোদের মধ্যেও কাজ করতে গিয়ে তাদের কষ্টের শেষ নেই।

তীব্র গরমে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের মধ্যে স্বাস্থ্যঝুঁকি বেড়েছে। অনেকেই পানিশূন্যতা, মাথা ঘোরা ও অতিরিক্ত ক্লান্তির মতো সমস্যায় ভুগছেন। অন্যদিকে, খোলা মাঠে কাজ করতে গিয়ে কৃষকদেরও ভোগান্তি পোহাতে হচ্ছে। গরমের প্রভাব পড়েছে গবাদিপশুর ওপরও, উদ্বেগ বাড়ছে খামারিদের মধ্যে।

স্থানীয় বাসিন্দারা জানান, গত কয়েক দিনের তুলনায় আজ গরমের তীব্রতা আরও বেশি অনুভূত হচ্ছে। দিনের বেলায় সূর্যের তাপ ও গরম বাতাস মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করছে।

এ অবস্থায় চিকিৎসক ও সচেতন মহল পর্যাপ্ত পানি পান, প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া এবং রোদে বের হলে ছাতা বা মাথা ঢাকার ব্যবস্থা রাখার পরামর্শ দিয়েছেন। দ্রুত বৃষ্টিপাত না হলে তাপদাহের কারণে জনদুর্ভোগ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।