গংগাচড়া উপজেলা প্রবেশদ্বার ময়লার স্তূপে পরিণত, ক্ষোভ স্থানীয়দের
রংপুরের গংগাচড়া উপজেলার প্রধান প্রবেশদ্বার বর্তমানে ময়লার স্তূপে পরিণত হয়েছে। উপজেলার সৌন্দর্য ও পরিচয়ের প্রতীক হিসেবে বিবেচিত এই গুরুত্বপূর্ণ স্থানে দীর্ঘদিন ধরে আবর্জনা ফেলা হলেও তা অপসারণে কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। ফলে পথচারী, স্থানীয় বাসিন্দা ও আগত দর্শনার্থীদের মধ্যে ব্যাপক অসন্তোষ সৃষ্টি হয়েছে।
সরেজমিনে দেখা যায়, প্রবেশদ্বারের সড়কসংলগ্ন এলাকায় বিভিন্ন ধরনের গৃহস্থালি ও প্লাস্টিক বর্জ্যের বিশাল স্তূপ জমে রয়েছে। এসব ময়লা থেকে দুর্গন্ধ ছড়ানোর পাশাপাশি পরিবেশ দূষণের আশঙ্কাও বাড়ছে। পাশেই জলাশয় ও সবুজ পরিবেশ থাকায় আবর্জনা পানিতে মিশে পরিবেশের জন্য হুমকি সৃষ্টি করছে।
স্থানীয়দের অভিযোগ, নিয়মিত ময়লা অপসারণের ব্যবস্থা না থাকায় অনেকেই এখানে ইচ্ছেমতো বর্জ্য ফেলছেন। ফলে দিন দিন ময়লার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। উপজেলার প্রবেশমুখে এমন দৃশ্য নতুন আগন্তুকদের কাছে নেতিবাচক বার্তা দিচ্ছে বলেও মনে করছেন সচেতন মহল।
স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা জানান, গংগাচড়ার সৌন্দর্য রক্ষায় দ্রুত এই ময়লা অপসারণ এবং নির্দিষ্ট বর্জ্য ব্যবস্থাপনার উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি ও নিয়মিত তদারকির দাবিও জানিয়েছেন তারা।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। তাদের প্রত্যাশা, উপজেলা প্রবেশদ্বারের সৌন্দর্য ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
