ঢাকা সোমবার, ১লা জুন ২০২৬, ১৮ই জ্যৈষ্ঠ ১৪৩৩


ডেমরায় স্টিল মিলে ভাট্টি বিস্ফোরণে দগ্ধ ৩ শ্রমিক


প্রকাশিত:
৩১ মে ২০২৬ ১৭:০৫

রাজধানীর ডেমরার বাসেরপুল এলাকায় জহির স্টিল মিলে লোহা গলানোর সময় ভাট্টি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তিন শ্রমিক দগ্ধ হয়েছেন।

রোববার (৩১ মে) সকালের দিকে এই দুর্ঘটনাটি ঘটে। পরে তাদেরকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।

দগ্ধরা হলেন- সাব্বির হোসেন (২৪), তোফাজ্জল হোসেন (৪৮) ও মাজেদ হোসেন (৫২)।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, আজ (রোববার) সকালের দিকে ডেমরা এলাকার একটি স্টিল মিল থেকে দগ্ধ অবস্থায় তিনজন শ্রমিককে আমাদের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। এদের মধ্যে সাব্বির হোসেনের শরীরে ৩৫ শতাংশ দগ্ধ, তোফাজ্জল হোসেনের শরীরে ২৩ শতাংশ এবং মাজেদ হোসেনের শরীরে ১ শতাংশ দগ্ধ রয়েছে। আহতদের মধ্যে সাব্বির এবং তোফাজ্জল এর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে আমরা নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করেছি। অপরদিকে দগ্ধের পরিমাণ কম থাকায় জরুরি বিভাগে মাজেদ হোসেনের চিকিৎসা চলছে।

দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা সহকর্মী আলামিন জানান, আমরা ডেমরা এলাকার একটি স্টিল মিলের কর্মচারী। আজ সকালে বিভিন্ন বাঙারী লোহা গলানোর জন্য ভাট্টিতে মাল দেয়ার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আমাদের তিনজন শ্রমিক দগ্ধ হলে দ্রুত তাদেরকে জাতীয় বান ইনিস্টিটিউটে নিয়ে আসা হয়।