ঢাকা সোমবার, ২৫শে মে ২০২৬, ১১ই জ্যৈষ্ঠ ১৪৩৩


শেরপুরে ভাড়াটিয়াকে ধর্ষণের অভিযোগে সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার


প্রকাশিত:
২৪ মে ২০২৬ ১৩:৪১

শেরপুরে ভাড়াটিয়াকে ধর্ষণের অভিযোগে ছাত্রদলের সাবেক এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত এনামুল হোসেন শহরের সজবরখিলা মহল্লার মোবারক মিয়ার ছেলে এবং জেলা ছাত্রদলের সাবেক যুক সাধারণ সম্পাদক ছিলেন।

শনিবার রাতে তাকে বিক্ষুদ্ধ জনতার হাত থেকে উদ্ধার করে পুলিশ থানা হেফাজতে নেয়। ২৪ মে রবিবার দুপুরে তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা। সেই সঙ্গে ভুক্তভোগীকে ডাক্তারী পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালের ওসিসি সেন্টারের পাঠানোর কথাও জানিয়েছেন তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২৩ মে) রাতে শহরের সজবরখিলা এলাকার মোবারক মিয়ার ছেলে এনামুল হোসেনকে স্থানীয় জনতা এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে আটক করে গণপিটুনী দেয়। সংবাদ পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে এনামুলকে নিজেদের হেফাজতে নেয়। পরে তার শাস্তির দাবিতে শহরে বিক্ষোভও করেছেন এলাকাবাসী।

অভিযোগে জানা যায়, ভুক্তভোগী তার স্বামীকে নিয়ে এনামুলের বাসায় গত ৫ মাস ধরে ভাড়া থাকছেন। বেশ কিছুদিন ধরে এনামুল ওই ভুক্তভোগীকে কুপ্রস্তাব দিয়ে আসছিলো।

বিষয়টি তার স্বামীকে জানালে পরিবার ও স্থানীয়দের উপস্থিতিতে এনামুলকে সতর্কও করা হয়। এরপর থেকেই এনামুল ওই গৃহবধুর প্রতি ক্ষুব্ধ ছিলেন। শনিবার দুপুরে স্বামীর কাজের জন্য বাইরে গেলে বাড়ীতে স্বামীর অনুপস্থিতির সুযোগে এনামুল ওই গৃহবধূর ঘরে প্রবেশ করে মুখ চেপে ধরে ধর্ষণ করে। বিষয়টি গৃহবধু তার স্বামী ও পরিবারের সদস্যদের জানান। এ খবর ছড়িয়ে পড়লে রাতে ক্ষুব্ধ এলাকাবাসী এনামুলকে আটক করে গণপিটুনী দিতে থাকে। সংবাদ পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে জনতার রোষানল থেকে তাকে উদ্ধার করে থানা হেফাজতে নেয়।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন আক্তার বলেছেন, ধর্ষণের অবিযোগের ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ওঠেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অভিযুক্তকে থানায় নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

শেরপুর সদর থানার ওসি সোহেল রানা জানান, জনতার কাছ থেকে এনামুলকে উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন। ওই মামলায় আসামী এনামুল হোসানকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হচ্ছে।