পাওনা মাত্র ২০ টাকা চাওয়ায় পান ব্যবসায়ীকে গলা টিপে হত্যা
মানিকগঞ্জের সিংগাইরে মাত্র ২০ টাকা বকেয়া চাওয়ার অপরাধে শ্রীবাস চন্দ্র সাহা (৫৫) নামে এক পান ব্যবসায়ীকে প্রকাশ্যে গলা টিপে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (২২ মে) দুপুরে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের জয়মন্টপ মাছবাজার এলাকায় এ নৃশংস ঘটনা ঘটে।
নিহত শ্রীবাস চন্দ্র সাহা ঢাকার সাভারের মধ্যপাড়া এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে জয়মন্টপ মাছবাজারে পান ব্যবসা করে জীবিকা নির্বাহ করছিলেন। অভিযুক্ত হত্যাকারীর নাম ইশা মোল্লা, তিনি জয়মন্টপ ইউনিয়নের ভাকুম গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, ইশা মোল্লা নিয়মিত শ্রীবাসের দোকান থেকে পান কিনতেন। শুক্রবার দুপুরে তিনি ৩০ টাকার পান কিনে মাত্র ১০ টাকা পরিশোধ করেন। বাকি ২০ টাকা না দিয়েই চলে যাওয়ার চেষ্টা করলে ব্যবসায়ী শ্রীবাস তার কাছে বকেয়া টাকা দাবি করেন। এ নিয়ে উভয়ের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়।
একপর্যায়ে ইশা মোল্লা ক্ষিপ্ত হয়ে শ্রীবাসের ওপর চড়াও হন। তিনি প্রথমে ব্যবসায়ীকে শারীরিকভাবে আঘাত করেন এবং এরপর গলা চেপে ধরে সজোরে লাথি মারেন। শ্বাসরোধের ফলে ঘটনাস্থলেই শ্রীবাস চন্দ্র সাহার মৃত্যু হয়। ঘটনার পরই অভিযুক্ত ইশা মোল্লা এলাকা থেকে পালিয়ে যান।
এ বিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, “আমরা ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছি। তবে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া মাত্রই তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
প্রকাশ্যে একজন ব্যবসায়ীকে এভাবে হত্যার ঘটনায় স্থানীয় বাজারে শোক ও আতঙ্কের ছায়া নেমে এসেছে। ঘটনার পর থেকেই অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে সরব হয়েছেন স্থানীয়রা।
