ঢাকা রবিবার, ২৪শে মে ২০২৬, ১০ই জ্যৈষ্ঠ ১৪৩৩


মনিরামপুরে শিক্ষকদের ১৫ দিনব্যাপী আইসিটি প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ


প্রকাশিত:
২৩ মে ২০২৬ ১৯:২৯

যশোরের মনিরামপুরে শিক্ষকদের দক্ষতা ও মানোন্নয়নের লক্ষ্যে আয়োজিত ১৫ দিনব্যাপী আইসিটি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২৩ মে) সকালে উপজেলা আইসিটি ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন (ইউআইটিআরসিই) কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রশিক্ষণের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) এর অধীনে বাস্তবায়িত এই প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার ৪৮ জন শিক্ষক-শিক্ষিকা অংশ নেন। চলতি অর্থ বছরের ৩য় ও ৪র্থ ব্যাচের এই প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষকদের ডিজিটাল পদ্ধতিতে পাঠদান ও আইসিটি বিষয়ে হাতে-কলমে শিক্ষা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলা নির্বাহী অফিসার সম্রাট হোসেন। তিনি তার বক্তব্যে বলেন, “বর্তমান ডিজিটাল যুগে শ্রেণিকক্ষে শিক্ষকদের আইসিটি জ্ঞান থাকা অপরিহার্য। এই প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান শ্রেণিকক্ষে প্রয়োগ করে শিক্ষকদের শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে হবে।”

সহকারী প্রোগ্রামার মহিব বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শিক্ষক প্রশিক্ষক এস এম মজনুর রহমান, সন্তোষ রায়, কম্পিউটার অপারেটর মিঠুন মল্লিক, ল্যাব সহকারী সুকান্ত মন্ডল এবং প্রশিক্ষণার্থী আজহারুল ইসলাম প্রমুখ।

বক্তারা জানান, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে আইসিটির বিকল্প নেই। শিক্ষকদের আইসিটিতে দক্ষ করে গড়ে তুললে শিক্ষার্থীরাও আধুনিক শিক্ষাগ্রহণে এগিয়ে থাকবে।

অনুষ্ঠান শেষে সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকারী ৪৮ জন শিক্ষক-শিক্ষিকার মাঝে সনদপত্র বিতরণ করেন প্রধান অতিথি। প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষকরা জানান, এই ১৫ দিনের প্রশিক্ষণ তাদের শিক্ষা কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবে এবং প্রযুক্তির ব্যবহারে তারা আরও আত্মবিশ্বাসী হয়ে উঠবেন।