ঢাকা বৃহঃস্পতিবার, ২১শে মে ২০২৬, ৭ই জ্যৈষ্ঠ ১৪৩৩


১০ টাকা চাঁদা না পেয়ে অটোরিকশাচালককে পিটিয়ে হত্যার অভিযোগ


প্রকাশিত:
২০ মে ২০২৬ ১৯:৩৩

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাত্র ১০ টাকা চাঁদা দেওয়াকে কেন্দ্র করে বাকবিতণ্ডার জেরে মুমিন মিয়া (৪০) নামে এক অটোরিকশাচালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদ ও বিচার দাবিতে আজ বুধবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী।

নিহত মুমিন মিয়া উপজেলার সনমান্দি ইউনিয়নের নাজিরপুর গ্রামের আব্দুল হাকিমের ছেলে। ঘটনার পর থেকেই অভিযুক্ত শাহিন মিয়া পলাতক রয়েছেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চব্বিশের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে দড়িকান্দি বাসস্ট্যান্ড এলাকায় অটোরিকশাচালকদের কাছ থেকে প্রতিদিন ১০ টাকা করে চাঁদা আদায় করতেন শাহিন মিয়া। গত রবিবার বিকেলে মুমিন মিয়া অটোরিকশা নিয়ে সেখানে পৌঁছালে শাহিন তার কাছে চাঁদা দাবি করেন। মুমিন মিয়া আগেই টাকা দিয়েছেন জানালে শাহিন তা অস্বীকার করেন। এ নিয়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে শাহিন মুমিন মিয়াকে এলোপাতাড়ি মারধর করেন।

গুরুতর আহত অবস্থায় মুমিনকে উদ্ধার করে ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার ভোর সাড়ে ৬টার দিকে তিনি মারা যান।

নিহতের স্ত্রী রিনা বেগম আহাজারি করে বলেন, ‘মাথায় আঘাত পাওয়ার পর আমার স্বামী স্ট্রোক করেন। আমি আমার স্বামী হত্যার বিচার চাই।’ তিনি জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আজ সকাল ১০টার দিকে নিহতের মরদেহবাহী অ্যাম্বুলেন্স ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দড়িকান্দি এলাকায় রেখে বিক্ষোভ শুরু করেন এলাকাবাসী। এতে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়।

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম সারোয়ার জানান, চাঁদা আদায়ের জেরে মারধরের ঘটনায় আগেই একটি মামলা নথিভুক্ত করা হয়েছিল। ভুক্তভোগীর মৃত্যুর পর এখন সেটিকে হত্যা মামলায় রূপান্তর করা হবে। অভিযুক্ত শাহিন মিয়াকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।