কুষ্টিয়ায় ২১ লাখ টাকার ভারতীয় মাদক ও অবৈধ মালামাল উদ্ধার
কুষ্টিয়া সীমান্তে পৃথক পৃথক বিশেষ অভিযান চালিয়ে প্রায় ২১ লাখ ১৫ হাজার টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য ও অবৈধ মালামাল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৯ মে) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।
বিজিবি বিজ্ঞপ্তিতে জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৮ মে রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটে চিলমারী বিওপির টহল দল সীমান্তবর্তী শান্তিপাড়া এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১০ বোতল ভারতীয় মদ, ২ হাজার ৮১০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ২ হাজার ১৬০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করে।
এ ছাড়া ১৯ মে ভোর সাড়ে ৪টার দিকে প্রাগপুর বিওপির সদস্যরা সীমান্ত পিলার ১৪৮/২-এস সংলগ্ন প্রাগপুর কবরস্থান ঘাট এলাকায় অভিযান চালিয়ে ৬৬০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ২৯০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং ১০৫ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়।
অন্যদিকে একই দিন ভোর ৫টার দিকে ধর্মদাহ বিওপির টহল দল ডিজিটি মাঠ এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১০ বোতল ভারতীয় মদ, ৬৫০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ৩৬০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করে।
উদ্ধারকৃত সব মাদকদ্রব্য ও অবৈধ মালামালের মোট সিজার মূল্য ২১ লাখ ১৪ হাজার ৭৭৫ টাকা বলে জানিয়েছে বিজিবি।
কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, ‘সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও অভিযান আরও জোরদার করা হয়েছে। দেশের সীমান্ত সুরক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা সতর্ক ও অঙ্গীকারবদ্ধ।’
