খুলনায় ওষুধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, স্ত্রী আহত
খুলনার কয়রা উপজেলায় সিঁধ কেটে ঘরে ঢুকে ভবতোষ মৃধা (৩৭) নামের এক ওষুধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তার স্ত্রী গুরুতর আহত হয়েছেন।
রোববার (১৭ মে) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের মধ্য মহেশ্বরীপুর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ঘুমন্ত অবস্থায় থাকা ভবতোষ মৃধার মাটির ঘরে দুর্বৃত্তরা সিঁধ কেটে প্রবেশ করে। শব্দ পেয়ে তিনি জেগে উঠে বাধা দেওয়ার চেষ্টা করলে হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় তার স্ত্রী বাধা দিতে গেলে তাকেও কুপিয়ে আহত করা হয়।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভবতোষ মৃধাকে মৃত ঘোষণা করেন। আহত স্ত্রী বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা শঙ্কামুক্ত।
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এদিকে এলাকায় একের পর এক সিঁধ কেটে চুরি ও ডাকাতির ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অভিযোগ রয়েছে, কয়েক মাস ধরে একটি সংঘবদ্ধ চক্র ঘরে চেতনানাশক স্প্রে করে বাসিন্দাদের অচেতন করে চুরি-ডাকাতি চালিয়ে আসছে। স্থানীয়রা রাতের নিরাপত্তা জোরদার ও পুলিশের নিয়মিত টহল বৃদ্ধির দাবি জানিয়েছেন।
