রাজপথের ত্যাগী নেতা আজ ফুটপাতে চা বিক্রেতা
খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক যুবরাজ আহাম্মেদ যুবায়ের দীর্ঘদিন ধরে দলের জন্য ত্যাগ স্বীকার করেও আজ অবমূল্যায়নের শিকার বলে অভিযোগ উঠেছে। একসময় রাজপথে সক্রিয় থাকা এই বিএনপি কর্মী বর্তমানে ফুটপাতে চায়ের দোকান দিয়ে জীবিকা নির্বাহ করছেন।
যুবায়ের জানান, তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময় খুলনার ডাকবাংলো মোড়ে আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে আহত হন তিনি। এরপরও দলীয় কর্মকাণ্ড থেকে সরে যাননি। কিন্তু বর্তমানে দল থেকে কোনো মূল্যায়ন পাচ্ছেন না বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, “দলের জন্য অনেক কিছু করেছি। জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে ছিলাম। কিন্তু আজ সিনিয়র নেতারা খোঁজও নেন না।”
জলমা ইউনিয়নের আরও কয়েকজন স্বেচ্ছাসেবক দল ও বিএনপির নেতাকর্মীর অভিযোগ, দুঃসময়ে রাজপথে সক্রিয় থাকলেও বর্তমানে তারা অবহেলা ও লাঞ্ছনার শিকার হচ্ছেন। একই অভিযোগ করেন স্থানীয় আরেক নেতা ফাহিম। তিনি বলেন, সিনিয়র নেতারা নানা আশ্বাস দিলেও বাস্তবে কোনো সহযোগিতা বা দায়িত্ব দেন না।
স্থানীয় নেতাকর্মীদের দাবি, শুধু খুলনা বা বটিয়াঘাটাতেই নয়, দেশের বিভিন্ন স্থানে ত্যাগী নেতাকর্মীরা মূল্যায়ন থেকে বঞ্চিত হচ্ছেন। তাদের মতে, এসব নেতাকর্মীর ত্যাগ ও সংগ্রামের ওপর ভর করেই আজ বিএনপি শক্ত অবস্থানে রয়েছে।
এ অবস্থায় তারা প্রধানমন্ত্রীর কাছে ত্যাগী ও অসহায় নেতাকর্মীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।
