দিনাজপুরে অ্যাম্বুলেন্স ও তেলবাহী লরির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩
দিনাজপুরের কাহারোল উপজেলায় দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কে একটি অ্যাম্বুলেন্স ও তেলবাহী লরির মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ভয়াবহ দুর্ঘটনায় অ্যাম্বুলেন্সের তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে উপজেলার ১৬ মাইল এলাকায় আনাম জুট প্রোডাক্টস লিমিটেডের সামনে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় পঞ্চগড়গামী একটি তেলবাহী লরির সাথে বিপরীত দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্সের প্রচণ্ড গতিতে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এতই বেশি ছিল যে, অ্যাম্বুলেন্সটির সামনের অংশ পুরোপুরি দুমড়ে-মুচড়ে যায়। এতে অ্যাম্বুলেন্সের ভেতরে থাকা অন্তত তিনজন গুরুতর আহত হন।
দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। তারা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে নিকটস্থ হাসপাতালে পাঠান। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত আহতদের নাম-পরিচয় বিস্তারিত জানা সম্ভব হয়নি।
এদিকে, দুর্ঘটনার ফলে দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের ওই অংশে কিছুক্ষণ যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়, যার ফলে রাস্তার দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরবর্তীতে পুলিশ ও স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় দুর্ঘটনাকবলিত যানগুলো রাস্তা থেকে সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং পুনরায় যানবাহন চলাচল শুরু হয়।
কাহারোল থানা পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত লরি ও অ্যাম্বুলেন্সটি তাদের হেফাজতে রয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
