ঢাকা শুক্রবার, ১৫ই মে ২০২৬, ২রা জ্যৈষ্ঠ ১৪৩৩


খুলনায় সাইবার দলের পরিচিতি সভা অনুষ্ঠিত


প্রকাশিত:
১৫ মে ২০২৬ ১১:৩০

খুলনায় বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল জেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যায় নগরীর কে.ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে আয়োজিত এ সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির খুলনা জেলা শাখার আহ্বায়ক মো. মনিরুজ্জামান মন্টু বলেছেন, মহান মুক্তিযুদ্ধের মূলমন্ত্র অক্ষুণ্ণ রেখে ‘২৪-এর গণঅভ্যুত্থানে অর্জিত জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিএনপি সরকার অঙ্গীকারবদ্ধ।

তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দেওয়া বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করছে। ফ্যামিলি কার্ড চালু, নদী-খাল খনন ও পুনঃখনন, বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণ, নারীদের জন্য পরিবহন সুবিধা, কৃষক কার্ড চালু এবং কৃষিঋণ মওকুফের মতো কার্যক্রম জনগণের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে। তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ ও কারিগরি শিক্ষার প্রসারে গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

মন্টু আরও বলেন, একটি মহল বিএনপি সরকারের বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে। এসব অপপ্রচার মোকাবিলায় জাতীয়তাবাদী সাইবার দলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সঠিক তথ্য জনগণের সামনে তুলে ধরতে হবে।

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন খুলনা জেলা বিএনপির সদস্য সচিব (ভারপ্রাপ্ত) ও জেলা পরিষদের প্রশাসক এসএম মনিরুল হাসান বাপ্পী। তিনি বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড জনগণের কাছে তুলে ধরার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিহত করতে সাইবার দলের নেতাকর্মীদের আরও সক্রিয় হতে হবে।

তিনি অভিযোগ করেন, একটি গোপন সংগঠন বিভিন্ন ধরনের প্রোপাগান্ডার মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। সামনে স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে এ ধরনের অপপ্রচার আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। একইসঙ্গে জাতীয়তাবাদী সাইবার দলে যাতে কোনো অনুপ্রবেশ না ঘটে এবং সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়—এমন কোনো কর্মকাণ্ড না ঘটে সে বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান।

খুলনা জেলা সাইবার দলের সভাপতি মেহেদী হাসান বাবু-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খান রায়হান ও সাংগঠনিক সম্পাদক শাহ আলম পিন্টু জমাদ্দার-এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক (বিভাগীয় প্রধান) জিএম মেহেদী হাসান।

এসময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য শেখ আব্দুর রশিদ, আশরাফুল আলম নান্নু, আশরাফুল ইসলাম নূর, বিএনপি নেতা জিএম হারুন অর রশিদসহ জেলা সাইবার দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, তথ্যপ্রযুক্তিনির্ভর বর্তমান সময়ে রাজনৈতিক কর্মকাণ্ড ও জনসচেতনতা তৈরিতে সাইবার প্ল্যাটফর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সংগঠনকে শক্তিশালী ও সুসংগঠিত করতে তরুণদের সম্পৃক্ততা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করা হয়।