চাঁপাইনবাবগঞ্জে র্যাবের বড় অভিযান: গোয়ালঘর থেকে ৭ কেজি হেরোইনসহ ‘মাদক সম্রাট’ টুটুল আটক
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় এক ঝটিকা অভিযান চালিয়ে প্রায় ৭ কেজি হেরোইনসহ জয়নাল টুটুল (৪৫) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। উদ্ধারকৃত হেরোইনের সঠিক পরিমাণ ৬ কেজি ৮০০ গ্রাম।
বুধবার (১৩ মে ২০২৬) রাত ১২টা ৪০ মিনিটে উপজেলার ১২নং চরবাগডাঙ্গা ইউনিয়নের মালবাগডাঙ্গা বিলাত মন্ডলের টোলা গ্রামে আসামির নিজ বাড়িতে এই অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-৫, সিপিসি-১ (চাঁপাইনবাবগঞ্জ) ক্যাম্প সূত্রে জানা যায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল জানতে পারে যে, চরবাগডাঙ্গা এলাকায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য মজুদ রাখা হয়েছে। তথ্যের সত্যতা যাচাই করে র্যাব সদস্যরা মঙ্গলবার দিবাগত রাত ১২টার পর জয়নাল টুটুলের বাড়িতে তল্লাশি শুরু করেন। একপর্যায়ে তার বাড়ির গোয়ালঘর থেকে একটি বস্তায় লুকিয়ে রাখা অবস্থায় ৬ কেজি ৮০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত জয়নাল টুটুল মৃত ইসরাইল হকের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা দিয়ে মাদক চোরাচালান ও বড় বড় চালান দেশের বিভিন্ন প্রান্তে পাঠানোর সিন্ডিকেটের সাথে জড়িত বলে অভিযোগ রয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, জয়নাল টুটুল ওই এলাকার একজন প্রভাবশালী মাদক কারবারি বা ‘মাদক সম্রাট’ হিসেবে পরিচিত। তার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় সাধারণ মানুষের মাঝে স্বস্তি নেমে আসে। এলাকাবাসী র্যাবের এই সময়োপযোগী ও সাহসী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন এবং সীমান্তে মাদকের এই মরণনেশা বন্ধে নিয়মিত অভিযানের দাবি তুলেছেন।
র্যাব জানায়, এই ঘটনায় আটককৃত আসামি এবং পালিয়ে থাকা সহযোগীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আলামতসহ তাকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদকের এই বড় চালানের উৎস এবং এর সাথে আর কারা জড়িত রয়েছে, তা উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে। পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান আরও জোরদার করা হবে।
