নিরাপদ সড়কের দাবিতে পারনান্দুয়ালীতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি
মাগুরা শহরের পারনান্দুয়ালী এলাকায় জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করা এবং সড়ক দুর্ঘটনা রোধে স্পিড ব্রেকার (গতি নিরোধক) স্থাপনের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
আজ (১৩ মে) সকালে পারনান্দুয়ালী মডেল মসজিদ সংলগ্ন প্রধান সড়কে ‘পারনান্দুয়ালী সচেতন এলাকাবাসী’র ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, পারনান্দুয়ালী মডেল মসজিদ সংলগ্ন এই রাস্তাটি অত্যন্ত জনবহুল। প্রতিদিন এই রাস্তা দিয়ে কয়েক হাজার সাধারণ মানুষ এবং স্কুলগামী শিক্ষার্থী চলাচল করে। কিন্তু রাস্তার এই অংশে কোনো গতি নিরোধক না থাকায় যানবাহনগুলো অত্যন্ত দ্রুতগতিতে চলাচল করে, যার ফলে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে কোমলমতি শিক্ষার্থী ও বয়স্কদের রাস্তা পারাপার হওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।
কর্মসূচিতে অংশগ্রহণকারী স্থানীয় এক বাসিন্দা বলেন, "আমরা দীর্ঘদিন ধরে এখানে একটি স্পিড ব্রেকারের দাবি জানিয়ে আসছি। মসজিদের সামনে দিয়ে দ্রুতগতিতে গাড়ি চলায় মুসুল্লিরাও আতঙ্কে থাকেন। দুর্ঘটনা এড়াতে এবং প্রাণহানি রোধে এখানে অবিলম্বে প্রশাসনের পক্ষ থেকে স্পিড ব্রেকার স্থাপন করা জরুরি।"
মানববন্ধনে স্থানীয় সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিবর্গ, বিভিন্ন স্কুল-মাদ্রাসার শিক্ষার্থী এবং সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেন। এ সময় তারা তাদের দাবির সপক্ষে বিভিন্ন শ্লোগান সম্বলিত ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করেন।
অবস্থান কর্মসূচি থেকে এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন, অতি দ্রুত এই জনগুরুত্বপূর্ণ স্থানে স্পিড ব্রেকার বা ‘ভিট’ স্থাপন করা না হলে তারা পরবর্তীতে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেবেন। কর্মসূচি শেষে স্থানীয় প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদানের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও আয়োজকরা জানান।
