ঢাকা মঙ্গলবার, ১২ই মে ২০২৬, ২৯শে বৈশাখ ১৪৩৩


জলঢাকায় ওষুধ প্রতিনিধিদের মানববন্ধন: সুনির্দিষ্ট নীতিমালা ও পেশাগত স্বীকৃতির দাবি


প্রকাশিত:
১১ মে ২০২৬ ২১:০১

নীলফামারীর জলঢাকায় নিজেদের পেশাগত মর্যাদা রক্ষা এবং সুনির্দিষ্ট নীতিমালার দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয় ওষুধ কোম্পানির প্রতিনিধিরা। বর্তমানে প্রচলিত ব্যবস্থায় ‘টার্গেট’ পূরণের মানসিক চাপ, দীর্ঘ কর্মঘণ্টা এবং সামাজিক অবমূল্যায়নের বিরুদ্ধে তারা এই আন্দোলনের ডাক দেন।

আন্দোলনে অংশ নেওয়া প্রতিনিধিরা জানান, দেশের অর্থনীতির চাকা সচল রাখতে এবং চিকিৎসা সেবায় নতুন নতুন ওষুধের তথ্য ডাক্তারদের কাছে পৌঁছে দিতে তারা দিনরাত পরিশ্রম করেন। শিক্ষিত ও উচ্চপদস্থ ডিগ্রিধারী হওয়া সত্ত্বেও সমাজে তাদের ‘দালাল’ হিসেবে সম্বোধন করার বিষয়টির তীব্র নিন্দা জানান তারা। বক্তারা বলেন, “আমরা সৎভাবে পরিশ্রম করি, অথচ আমাদের আত্মসম্মান আজ সংকটের মুখে। এই ‘টার্গেট’ কালচার আমাদের জন্য এক নীরব যন্ত্রণা হয়ে দাঁড়িয়েছে।”

সমাবেশ থেকে তারা সরকারের কাছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বেশ কিছু যৌক্তিক দাবি তুলে ধরেন: ওষুধ প্রতিনিধিদের জন্য একটি সুনির্দিষ্ট জাতীয় নীতিমালা প্রণয়ন করা, সরকারি নিয়ম অনুযায়ী নির্দিষ্ট কর্মঘণ্টা নিশ্চিত করা, কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়া চাকরি থেকে অব্যাহতি বন্ধ এবং চাকরির স্থায়ীকরণ, পেশাগত দায়িত্ব পালনের সময় সামাজিক ও মানসিক নিরাপত্তা নিশ্চিত করা।

আন্দোলনকারীরা আরও বলেন, “ওষুধ শিল্পে যারা কর্মরত তারা সবাই উচ্চ শিক্ষিত। ঘুষ বা দুর্নীতির আশ্রয় না নিয়ে শতভাগ সততার সঙ্গে আমরা দায়িত্ব পালন করি। অথচ আমাদের কোনো সাংবিধানিক শ্রম অধিকার বা কর্মপরিবেশের নিরাপত্তা নেই। আমরা কেবল আমাদের প্রাপ্য সম্মান এবং পেশাদারিত্বের স্বীকৃতি চাই।”

উপস্থিত প্রতিনিধিরা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি অতি দ্রুত তাদের এই যৌক্তিক দাবিগুলো পূরণ করার জন্য কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হয়, তবে আগামীতে তারা আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেবেন।