বীরগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযান: পৃথক স্থানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
দিনাজপুরের বীরগঞ্জে পৃথক দুটি সফল অভিযান চালিয়ে নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ১০ ও ১১ মে উপজেলার শিবরামপুর এবং সাতোর ইউনিয়নে এসব অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১০ মে শিবরামপুর ইউনিয়নের দেওলি গ্রামে অভিযান চালায় পুলিশের একটি দল। এসময় সাহাডুবি গ্রামের মৃত আব্দুল হেকিমের পুত্র আবু বকর সিদ্দিক (৪২)-কে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়।
অন্যদিকে, আজ ১১ মে সাতোর ইউনিয়নের চৌপুকুরিয়া সংলগ্ন বটতলী বাজারে অভিযান চালিয়ে মজিবর রহমান (৩০) ও রাসেল ইসলাম (২০) নামে আরও দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের তল্লাশি করে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও বলেন, "মাদকের ব্যাপারে কোনো আপোষ করা হবে না। বীরগঞ্জকে মাদকমুক্ত করতে পুলিশের এই নিয়মিত অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।"
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন ধারাবাহিক অভিযানে এলাকায় স্বস্তি বিরাজ করছে।
