খুলনার মার্কেটগুলোতে ওয়াশরুম সংকট, চরম ভোগান্তিতে ক্রেতারা
বিভাগীয় শহর খুলনা এর বিভিন্ন বিপণিবিতান ও শপিং মার্কেটে পর্যাপ্ত শৌচাগার ও ওয়াশরুমের অভাবে চরম দুর্ভোগে পড়ছেন ক্রেতারা। ঘণ্টার পর ঘণ্টা কেনাকাটা করলেও জরুরি প্রয়োজনে ব্যবহারযোগ্য কোনো পাবলিক ওয়াশরুম না থাকায় বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে সাধারণ মানুষকে। বিশেষ করে নারী, শিশু ও বয়স্কদের দুর্ভোগ সবচেয়ে বেশি।
সম্প্রতি শহরের রেলওয়ে মার্কেট, মশিউর রহমান মার্কেট, বড়বাজার ও খুলনা শপিং কমপ্লেক্স ঘুরে দেখা গেছে, অধিকাংশ মার্কেটেই ক্রেতাদের জন্য নির্দিষ্ট ও স্বাস্থ্যসম্মত শৌচাগারের ব্যবস্থা নেই। কোথাও কোথাও দোকান মালিকদের ব্যক্তিগত টয়লেট থাকলেও তা সাধারণ ক্রেতাদের ব্যবহারের জন্য উন্মুক্ত নয়। আবার যেসব স্থানে ওয়াশরুম রয়েছে, সেগুলোর অনেকগুলোই অপরিচ্ছন্ন ও ব্যবহার অনুপযোগী।
কেনাকাটা করতে আসা গৃহিণী রাবেয়া খাতুন বলেন, “মার্কেটে এসে অনেক সময় দুই-তিন ঘণ্টা থাকতে হয়। কিন্তু জরুরি প্রয়োজনে ব্যবহার করার মতো কোনো ওয়াশরুম পাওয়া যায় না। নারীদের জন্য এটা খুবই কষ্টকর ও বিব্রতকর।”
কলেজছাত্রী মৌ বলেন, “বন্ধুদের সঙ্গে শপিং করতে এসে সবচেয়ে বড় সমস্যায় পড়তে হয় ওয়াশরুম নিয়ে। অনেক সময় বাধ্য হয়ে বাসায় ফিরে যেতে হয়।”
বড়বাজার এলাকার ব্যবসায়ী রবিউল ইসলাম বলেন, আধুনিক মার্কেট নির্মাণ হলেও মৌলিক নাগরিক সুবিধার বিষয়টি তেমন গুরুত্ব পাচ্ছে না। একটি বড় মার্কেটে অন্তত নারী ও পুরুষদের জন্য আলাদা ও স্বাস্থ্যসম্মত শৌচাগার থাকা প্রয়োজন বলে তিনি মনে করেন।
নাগরিক নেত্রী বনানী সুলতানা ঝুমু বলেন, শহরের বেশিরভাগ মার্কেটেই ওয়াশরুম সংকট দীর্ঘদিনের সমস্যা। ব্যবসায়ী ও মার্কেট কর্তৃপক্ষের এ বিষয়ে আরও দায়িত্বশীল হওয়া উচিত। নারী ও শিশুদের নিরাপত্তা ও স্বাস্থ্যবিধির বিষয়টি বিবেচনায় রেখে প্রতিটি মার্কেটে স্বাস্থ্যসম্মত পাবলিক টয়লেট স্থাপন জরুরি। এ বিষয়ে তিনি খুলনা সিটি করপোরেশন-এর হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে কেসিসির স্টেট অফিসার গাজী সালাউদ্দিন বলেন, “এ ধরনের একাধিক অভিযোগ আমাদের কাছে এসেছে। জনসাধারণের জন্য পর্যাপ্ত টয়লেট সুবিধা নিশ্চিত করতে ব্যবসায়ী সমিতি ও মার্কেট মালিকদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি মার্কেটগুলোতে স্বাস্থ্যসম্মত ওয়াশরুম বাধ্যতামূলক করার বিষয়েও উদ্যোগ গ্রহণ করা হবে।”
