ঢাকা সোমবার, ১১ই মে ২০২৬, ২৯শে বৈশাখ ১৪৩৩


গোবরাতলায় শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করলেন এমপি নুরুল ইসলাম বুলবুল: শিক্ষার মান উন্নয়নে গুরুত্বারোপ


প্রকাশিত:
১১ মে ২০২৬ ১৮:২৮

চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনের সংসদ সদস্য জননেতা নুরুল ইসলাম বুলবুল গোবরাতলা ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন। আজ সোমবার (১১ মে) সকাল ১০টা থেকে তিনি ইউনিয়নের একটি উচ্চ বিদ্যালয় ও একটি মাদ্রাসা পরিদর্শন করেন এবং শিক্ষক-শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন।

সকাল ১০টার দিকে এমপি নুরুল ইসলাম বুলবুল গোবরাতলা ইউনিয়নের মহিপুর সাজ্জাদ আহমেদ মিঞা উচ্চ বিদ্যালয়ে পৌঁছান। সেখানে তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন। সাক্ষাৎকালে তিনি প্রতিষ্ঠানের শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে শিক্ষকদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ দেন। এরপর তিনি সরাসরি শ্রেণিকক্ষে গিয়ে পাঠদান পর্যবেক্ষণ করেন এবং শিক্ষার্থীদের লেখাপড়ার খোঁজখবর নেন।

পরবর্তীতে বেলা ১১টার দিকে তিনি মুনসেফপুর ফাজিল মাদ্রাসা পরিদর্শনে যান। মাদ্রাসায় পৌঁছালে প্রতিষ্ঠানের অধ্যক্ষ, ম্যানেজিং কমিটির সভাপতিসহ মাদ্রাসা কর্তৃপক্ষ তাকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান। সেখানেও তিনি অধ্যক্ষের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং শিক্ষার পরিবেশ ও মানোন্নয়ন নিয়ে আলোচনা করেন। উচ্চ বিদ্যালয়ের মতো এখানেও তিনি বিভিন্ন শ্রেণিকক্ষ পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের সাথে কথা বলেন।

পরিদর্শনকালে এমপি নুরুল ইসলাম বুলবুল বলেন, "একটি সমৃদ্ধ জাতি গঠনে মানসম্মত শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না থেকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হবে।" তিনি প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশ দেন যেন নিয়মিত পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক চরিত্রের দিকেও নজর রাখা হয়।

এ সময় সংসদ সদস্যের সাথে আরও উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক দুরুল হোদা, সদর উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও আগামী গোবরাতলা ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা সাদিকুল ইসলাম, গোবরাতলা ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আকবর আলীসহ ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

শিক্ষা প্রতিষ্ঠান দুটির শিক্ষক ও অভিভাবকরা সংসদ সদস্যের এই আকস্মিক পরিদর্শনে সন্তোষ প্রকাশ করেছেন এবং এলাকার শিক্ষা ব্যবস্থার উন্নয়নে তার সহযোগিতা কামনা করেছেন।